লিটন কুতুবী,কুতুবদিয়া: কুতুবদিয়ায় অগ্নিকান্ডে অর্ধশত দোকান ও ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে।আজ শনিবার (১৯ নভেম্বর) ভোর রাত দুইটায় বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী গ্রামের আল আমিন মার্কেটে চায়ের দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হলে চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের ২৩ টি দোকান পাশ্ববর্তী ২৭টি ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা।
অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকার লোকজন, কুতুবদিয়া থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ, স্থানীয় ইউপির চেয়ারম্যান আবুল কালাম,এমইউপি জামাল উদ্দিন সুজা নেতৃত্বে কয়েকশত লোক অনবরত কাজ করে রাত দুইটা হতে সকাল ৬টায় পর্যন্ত একটানা ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে শনিবার বিকালেও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় আগুনের ধোঁয়া চোখে পড়ে।
বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম জানান, রাতে খবর পেয়ে লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাত দুইটা হতে সকাল ৬টা পর্যন্ত টানা ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে পুলিশ প্রশাসন ও এলাকার লোকজনের সহযোগিতা না পেলে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হত না। সকালে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রকল্প অফিস (পিআইও) জিয়া উদ্দিন, ইউনিয়ন পরিষদের তহবিল হতে নগদ ২ হাজার টাকাসহ প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০কেজি চাল,তৈল, ডাল, কম্বল, হাড়ি পাতিল,নিত্য ব্যবহার্য্য মালামাল বিতরণ করেন।
এছাড়াও স্থানীয় সাংসদ (কুতুবদিয়া মহেশখালী) আলহাজ আশেক উল্লাহ রফিক (এমপি) শনিবার বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রতি ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিককে নগদে ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল, ৪ বান্ডিল টিনসহ ৬ হাজার টাকা এবং শনিবার ও রবিবার দুই দিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কুতুবদিয়া উপজেলা আ’লীগের মাধ্যমে খাবার ব্যবস্থার আযোজন করে। স্থানীয়ভাবে সমাজের বিত্তবান ব্যক্তিরা নগদ অর্থ ও পুর্ণবাসনের মালামালের সহযোগিতা অব্যহত রেখেছেন।
স্থানীয় বাসিন্দা সমাজসেবক আবুল কালাম আজাদ ও সংবাদকর্মী মহি উদ্দিন জানান, তাদের চোখে দেখা আল আমিন মার্কেটে চায়ের দোকান, মুদির দোকান, ডিজেল, কেরোসিন, গ্যাসের বোতল, ধাতব্যের দোকানে আগুন ধরে গেলে চোখের পলকে আশেপাশের সেলুন, ঔষধের দোকান, তার পাশ্ববর্তী ঘরবাড়িতে একসাথে আগুন ছড়িয়ে পড়ে অর্ধশত দোকান ও ঘরবাড়ি পুড়ে যায়।তবে কুতুবদিয়া উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হলেও বিগত তিন বছরেও কার্যকরিতা না থাকায় এ ধরণের অগ্নিকান্ডে কোন ধরণের সুবিধা পাচ্ছে না দ্বীপের ক্ষতিগ্রস্ত মানুষ।




