লিটন কুতুবী, কুতুবদিয়া: লবণ উৎপাদনের টার্গেট হাতে নিয়ে কুতুবদিয়া উপকূলের লবণচাষীরা গত তিন সপ্তাহ পূর্বে মাঠে নেমে প্রতি একরে ৫০ মন সাদা লবণ উৎপাদন করেছে। শুস্ক মৌসুম শুরু হওয়ার পূর্বে চাষীরা আগাম লবণ উৎপাদনের জন্য নেমে আশানুরুপ সফল হয়েছে।
গত ২০২১-২০২২ অর্থ বছর সারাদেশে লবণের টার্গেট ছিল ২২ লাখ মেট্রিক টন। তারই ধারাবাহিকতায় কুতুবদিয়া উপকূলে ২৫ হাজার ৬৫০ মেট্রিক টন লবণ উৎপাদনের টার্গেট পুরণ করে আরো বেশী লবণ উৎপাদন করেছে প্রান্তিক চাষীরা। বর্তমানে কুতুবদিয়া উপকূলে লবণ চাষীদের মাঠের গর্তে বিপুল পরিমাণ অবিকৃত লবণ রয়েছে বলে লবণ ব্যবসায়ী আলহাজ আবু ওমর জানান।
গত বছরের চেয়ে চলতি বছর লবণের দাম বৃদ্ধি থাকায় চাষীরা আগাম লবণ উৎপাদন কাজে নেমে পড়েছে। গত বছরের চেয়ে এ বছর অর্থাৎ ২০২২-২০২৩ অর্থ বছর অধিক লবণ উৎপাদন করতে পারবে বলে আশা রাখেন কুতুবদিয়া উপকূলের লবণ চাষীরা। কুতুবদিয়া লেমশীখালী বিসিক শিল্পের জরীপ মোতাবেক কুতুবদিয়া উপকূলের চলতি বছর ছয় হাজার ৫০০ একর জায়গায় লবণ উৎপাদন করে যাচ্ছে বলে নিশ্চিত করেন লেমশীখালী লবণ প্রদর্শনী কেন্দ্রের প্রধান হাফেজ মোঃ জাকের হোছাইন।
লবণচাষী মোঃ কায়ছার দি ক্রাইমকে জানান, গত বছর এ দিনে প্রতিমণ লবণের দাম ২০০/২৫০ টাকা ছিল। এ বছর উৎপাদিত একই লবণের মূল্য প্রতিমণে ৪০০/৪৫০ টাকা। তাই লবণ চাষীরা শুস্ক মৌসুম শুরু হওয়ার পূর্বে আগাম লবণ উৎপাদনের জন্য মাঠে নেমে পড়ছে।
লবণ ব্যবসায়ী শফিউল মোর্শেদ দি ক্রাইমকে বলেন, দেশে লবণের চাহিদা পূরণের জন্য চাষীরা মাঠে কাজ করে যাচ্ছে। গত বছর লবণ চাষীরা টার্গেট পূরণ করে যে সফলতা অর্জন করেছে তা চলতি বছর লবণ উৎপাদনে মাঠ পযার্য়ে চাষীরা উৎপাদিত লবণ বিক্রির ক্ষেত্রে দ্বিগুণ সুফল ভোগ করে যাচ্ছে। তারপরও সরকার লবণ আমদানী করলে দেশের প্রান্তিক লবণ চাষীদের চরম ক্ষতির সম্মুখীন হবে।
কুতুবদিয়া লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি ও কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর দি ক্রাইমকে বলেন, দেশে চাহিদা মোতাবেক লবণ মজুদ ও উৎপাদনে সক্ষম থাকা সত্তেও এক শ্রেণীর অসাধু কিছু ব্যক্তি সিন্ডকেটের মাধ্যমে বিদেশ থেকে লবণ আমদানী করার জন্য ষড়যন্ত্র করে দেশীয় উৎপাদিত লবণ চাষীদের চরম ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।



