লিটন কুতুবী: নিঃসন্তান বড় ভাইয়ের সম্পদ আত্নসাত করার জন্য তিন ছোটভাই মিলে হুমকি ধমকি এবং মারধর করে গুরুতর জখম করে। তারপরও ক্ষান্ত না হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। আয়নার মত স্পষ্ট একটি মিথ্যা ঘটনা সাজিয়ে আপন ছোটভাই আদালতে মামলা করে হয়রানি করা অভিযোগ উঠেছে।
ঘটনাটি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কাইছার পাড়ার মৃত মোজাহার মিয়ার পুত্র ছৈয়দ নুর আর তার ছোটভাই নুরুল আলম বাদি হয়ে কুতুবদিয়া আদালতে ৩৯৯/২২ নং মামলা দায়ের করে। উক্ত মামলায় ছৈয়দ নুর,তার স্ত্রী জান্নাতুল ফেরদাউসসহ তিন জনকে আসামী করে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও উত্তর ধুরুং বিট পুলিশ ইনচার্জ সূত্রে জানা গেছে, গত ০৯ অক্টোবর রাতে উত্তর ধুরুং ইউনিয়নের কাইছার পাড়ার বাসিন্দা মোঃ হোছাইনের নাতনির কান ফুঁড়ানো অনুষ্ঠানে নাচের আযোজন করে। স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বিট পুলিশ, জনৈক এক সাংবাদিক অনুষ্ঠানে অতিথি ছিলেন। অনুষ্ঠান শুরু হলে একই এলাকার নুরুল আলমের ছেলে আলা উদ্দিনসহ কয়েকজন বন্ধু মিলে মদ পান করে অনুষ্ঠানে যায়। নিত্য শিল্পীদের নাচ শুরু হলে হাজারো দর্শকের সামনে আলা উদ্দিন মঞ্চে উঠে নিত্য শিল্পীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে বাড়ির মালিক মোঃ হোছাইন লাটি দিয়ে আলা উদ্দিনকে মারধর করে। এ সময় আলা উদ্দিনের দুটি দাঁত পড়ে যায় এবং শরীরে গুরুতর জখম হয়।
বিষয়টি নিয়ে আহত আলা উদ্দিনের পিতা নুরুল আলম বাদি হয়ে মোঃ হোছাইন ও আরো তিনজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই ওবাইদুল হক, এসআই রুবেল উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে মোঃ হোছাইনের থেকে আহত আলাউদ্দিনের চিকিৎসা খরচ বাবদ ৬০ হাজার টাকা জরিমানা করে। বিষয়টি ওখানে শেষ।
ঘটনার ২১ দিন পর ৩০ অক্টোবর ছৈয়দ নুরের ছোট ভাই নুরুল আলম বড়ভাই ছৈয়দ নুরের সম্পদ আত্নসাতের মানসে কান ফুঁড়ানো অনুষ্ঠানে মারামারির ঘটনা তার বাড়ির সামনে দেখিয়ে ছৈয়দ নুর, তার স্ত্রী জান্নাতুল ফেরদাউসসহ তিনজনকে আসামী করে কুতুবদিয়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩৯৯/২২ নং মিথ্যা মামলা দায়ের করেন।
আদালত অভিযোগের বিষয়টি সঠিক তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কুতুবদিয়া থানাকে নির্দেশ দেন। এ মিথ্যা মামলার খবর পেয়ে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নিঃসন্তান ছৈয়দ নুর ভাইদের হুমকি ধমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের নিকট আইনের আশ্রয় চেয়েছেন।
এ ব্যাপারে অভিযোক্ত নুরুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, তার বড় ভাই ছৈয়দ নুরের সাথে দীর্ঘ এক যুগ ধরে মামলা মোকাদ্দমা চলে আসছে। তাদের বিরুদ্ধে জিআর/ সিআরসহ ৪টি মামলা করেছে ছৈয়দ নুর ও তার স্ত্রী। এসব মামলায় তার ছেলে আলাউদ্দিন ও তার ভাই নুরুল আবছার জেল হাজতে গেছে। এ মামলা তারই ধারাবাহিকতা।




