পোশাক শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলন, বিক্ষোভ ও দরকষাকষির পর অবশেষে নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। আগের ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ৩৬ শতাংশ মজুরি বাড়ানোর সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের এই সুপারিশে শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নতুন মজুরি ঘোষণার পর এটিকে স্বাগত জানিয়ে কাজে ফিরছেন শ্রমিকরা। তবে শ্রমিকদের একটি পক্ষ ঘোষিত মজুরি যৌক্তিক হয়নি দাবি করে বিক্ষোভ দেখিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মজুরির বিষয়ে স্পষ্ট বার্তা না পাওয়ায় এসব শ্রমিকরা বিক্ষোভ করেন। তারা মালিকপক্ষের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ঘোষণা চান। যেসব কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছে, সেখানে শ্রমিকরা কাজে ফিরেছেন।
মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। বৈঠক চলে রাত ২টা পর্যন্ত। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় ভোটের মাধ্যমে গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দু’জন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য তিন গ্রেডের মজুরি অবশ্য সর্বসম্মতভাবে নির্ধারিত হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, শ্রম আইন ও বিধিমালা অনুসরণ করেই ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন কাঠামো ১লা ডিসেম্বর থেকে কার্যকর করার কথা রয়েছে। তবে বোর্ডের সিদ্ধান্তের পর মন্ত্রণালয়ের অনুমোদনসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন গ্রেডে শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এ গ্রেডে মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা, যা আগে ছিল ১৫ হাজার ৩৫ টাকা। অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা; এ গ্রেডে নতুন মজুরি ২০ হাজার টাকা, যা আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা, যেখানে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে এ গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।
১লা নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর ৯ই নভেম্বর শ্রমিকপক্ষ নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। ২৩শে নভেম্বরের বৈঠকে মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেয়। শ্রমিকপক্ষও কয়েক দফায় তাদের দাবি কমিয়ে আনে। পরবর্তী দরকষাকষিতে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত ভোটে ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে যাওয়া, রপ্তানি আদেশের মূল্যহ্রাস, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কারণে কারখানাগুলো এমনিতেই চরম আর্থিক চাপে রয়েছে। অনেক কারখানার পক্ষেই বর্ধিত এই ৩৬ শতাংশ মজুরি পরিশোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দাবি করেন, আগামী ডিসেম্বর মাস থেকেই যেন মজুরির নতুন কাঠামো বাস্তবায়ন করা হয়।
ওদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, বোর্ড সার্বিক দিক বিবেচনা নিয়ে যৌক্তিক মজুরির সুপারিশ করেছে। এবারের মজুরি বোর্ড দ্রুত সময়ের মধ্যে নিম্নতম মজুরি নির্ধারণ করতে পেরেছে। মজুরির বিষয়ে সমঝোতার জন্য এবার বোর্ডের বাইরে কারও কাছে যেতে হয়নি। বোর্ড চেয়ারম্যান নিজেই সব পক্ষকে সমঝোতায় আনতে সক্ষম হন। এর আগের বোর্ডের সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর টেবিল পর্যন্ত গড়িয়েছিল। প্রস্তাবিত মজুরির বিষয়ে আজ বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকের বৈঠকের পরই নতুন মজুরির প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হতে পারে।




