ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানানদাজে ‘সম্মান রক্ষার’ নামে ১৯ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। হেলিয়া ফাত্তাহি নামের ওই তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে হেলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তার পরিবারকে জানানোর পরই তার বাবা-মা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
মানবাধিকার সংস্থা হেঙ্গাওর তথ্যমতে, গত ২১ নভেম্বর শনিবার হেলিয়া ফাত্তাহির বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইস প্রথমে আদালতে গিয়ে মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেখান থেকে ফিরে তারা হেলিয়াকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনির ওষুধ খাওয়ান। এতেও তার মৃত্যু না হওয়ায় তারা তাকে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
হত্যার অভিযোগে হেলিয়া ফাত্তাহির বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের সময় তারা দুজনই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হেঙ্গাও এবং হানা নামের মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে ‘সম্মান রক্ষার’ নামে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছে। হেঙ্গাওর বিবৃতিতে বলা হয়েছে, পারিবারিক সহিংসতা থেকে নারী ও শিশুদের সুরক্ষায় ইরানের ব্যর্থতা, আইনের ফাঁকফোকর এবং তথাকথিত সম্মান রক্ষার নামে হত্যাকারীদের জন্য নমনীয় শাস্তির ব্যবস্থা নারীদের কাঠামোগত সহিংসতার ঝুঁকিতে ফেলছে এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতিকে শক্তিশালী করছে।
ইরানে নারীদের ওপর নির্যাতনের ঘটনা সাম্প্রতিক সময়ে ফের আলোচনায় এসেছে। গত এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দেশটিতে তিন তরুণী হত্যার শিকার হয়েছেন। গত ১৮ নভেম্বর গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত হন ২৩ বছর বয়সী সাদাফ হাঘবিন। বিয়েতে রাজি না হওয়ায় তার সাবেক প্রেমিক তাকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া কেরমানশাহ প্রদেশে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদি একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যান। দেশটির শিক্ষক ইউনিয়নগুলোর জাতীয় নেটওয়ার্ক জানিয়েছে, স্কুলের কর্মীদের কাছে ওই কিশোরী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, বাবার সঙ্গে বাড়ি ফিরতে বাধ্য করা হলে তার বাবা তাকে হত্যা করবেন।
এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইরানের কর্তৃপক্ষ জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করেছে। ইউটিউবে লাখোবার দেখা একটি পরিবেশনার জেরে তাদের এই শাস্তি দেয়া হয়। ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদিকে গত জুনে ওই শাস্তি দেয়া হয়েছিল। তার সঙ্গে চারজন সংগীতশিল্পী ও দলের চার সদস্যকেও শাস্তির মুখে পড়তে হয়। ২০২৪ সালের ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত ওই পরিবেশনায় মঞ্চে একাই গান গেয়েছিলেন আহমাদি। মঞ্চটি ছিল মৃদু আলোয় আলোকিত, আর সেখানে একটি বড় পারস্য গালিচা ছাড়া অন্য কোনো সাজসজ্জা ছিল না। তার গাওয়া গানগুলো ছিল আবেগপূর্ণ ও বিষাদময়।



