বিদেশ থেকে আমদানি করা সরকারি গম মোংলা বন্দরে পৌঁছানোর আগেই একটি চক্র তা অন্য জাহাজে সরিয়ে নেওয়ার অপচেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফরাজি ঘাটে যৌথ অভিযান পরিচালনা করে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও নৌ পুলিশ। অভিযানে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করা হয়েছে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে পাঁচজন আটক রয়েছেন। তবে ঘটনার সাথে জড়িত জাহাজের মাস্টার পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, আমদানিকৃত গমের চালানটি মোংলা বন্দরে আসার পথে বাগেরহাটের হারবাড়িয়া এলাকায় অবস্থানকালে বিদেশি জাহাজ থেকে অবৈধভাবে লাইটার জাহাজে খালাস করা হয়। পরে গমবোঝাই জাহাজটি অভয়নগরের নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটে আনা হয়।
অভিযান পরিচালনাকারী এসআরবি-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তি, জব্দকৃত গম ও জাহাজটি নৌ পুলিশ অভয়নগরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। গমের চালানটি কোথায় নেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।




