বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি এবং এর আশপাশের এলাকায় গত এক সপ্তাহে অন্তত ২৫টি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এর পাশাপাশি বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটির রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোসহ যুক্তরাষ্ট্রের একাধিক ড্রোন ভূপাতিত করার কথা দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতি ব্যাখ্যা করে জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের মুখোমুখি হয়ে তাঁর দেশ মূলত এক ধরনের ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ সঙ্গে লড়াই করছে। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র আরোপিত প্রবল অর্থনৈতিক চাপ মোকাবিলা করা এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন মিত্রদের ওপর যুদ্ধের সামগ্রিক ব্যয় চাপিয়ে দেওয়ার কৌশল হিসেবেই তেহরান তাদের হামলার মাত্রা বাড়িয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সামরিক তৎপরতার বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বাহরাইন। শনিবার বাহরাইনের রাজধানী মানামার অদূরে একটি বেসামরিক শিল্প এলাকায় হামলার পর সেখানে অগ্নিকাণ্ড ঘটে। এর পর আইআরজিসি জানায়, ইরানের হেনগাম দ্বীপে মার্কিন সামরিক হামলার প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়। অভিযানে বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করার দাবি করেছে তেহরান। এ ছাড়া গত সপ্তাহে কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইরানি বাহিনী।
হরমুজ প্রণালির আকাশেও সংঘাত ছড়িয়ে পড়েছে। ইরান দাবি করেছে, গত রোববার প্রণালির পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হয়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত এটি তাদের হাতে ভূপাতিত ২০তম মার্কিন ড্রোন। তবে এর আগে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার যে দাবি ইরান করেছিল, তা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সরাসরি প্রত্যাখ্যান করেছে।
ইরানের লাগাতার সামরিক অভিযানে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)-এর দেওয়া তথ্যে দেখা যায়, ১২ থেকে ১৮ই নভেম্বরের মধ্যে এই প্রণালি দিয়ে মাত্র ২৬৩টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যা তার আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ কম। সংঘাত শুরুর আগে যেখানে প্রতিদিন গড়ে ১৩৫টি জাহাজ চলাচল করত, সেখানে বর্তমানে তেলের ট্যাংকার চলাচল চরম সংকুচিত হয়ে পড়েছে। জলপথে ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় সমুদ্রগামী জাহাজের বিমা খরচ যুদ্ধপূর্ব ০.১০-০.২৫ শতাংশ থেকে লাফিয়ে ৩.৫-৭.৫ শতাংশে পৌঁছেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাত (আইইএ) প্রকাশ করেছে যে, সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে ২.৮ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং ৬০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে গিয়েছিল, যা বর্তমানে কমে ৮৩ ডলারে নেমে এসেছে।
কূটনৈতিক ও সামরিক উত্তেজনার পারদ আরও চড়ছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধকে স্পষ্ট ‘যুদ্ধ ঘোষণা’ বলে আখ্যা দিয়ে তা ব্যর্থ করার হুঁশিয়ারি দিয়েছেন। বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির গবেষক রামি খুরি আল জাজিরাকে বিশ্লেষণ করে জানান, ইরান একা মার্কিন ও ইসরাইলি আক্রমণের ধ্বংসাত্মক প্রভাব সইবে না। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর যেন আঞ্চলিক আরব মিত্রদের নিরাপত্তাহীনতার অজুহাতে যুদ্ধ বন্ধের চাপ সৃষ্টি হয়, তেহরান মূলত সেই কৌশলই বাস্তবায়ন করছে। অন্যদিকে, কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি সতর্ক করেছেন, ওয়াশিংটন নৌ-অবরোধ বজায় রাখলে সরাসরি সামরিক সংঘাত আরও ছড়িয়ে পড়বে।
বিদ্যমান উত্তেজনার মধ্যেই শনিবার ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, ইরানের সঙ্গে একটি ‘স্থায়ী চুক্তি’ সই করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, যাতে তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ট্রাম্প উল্লেখ করেন, ইরানে সরকার বা শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে তাঁর কোনো আগ্রহ নেই এবং তিনি তেহরানের বর্তমান নেতৃত্বকে ‘তুলনামূলক যুক্তিবাদী’ বলে মনে করেন।




