পৃথিবীর আকাশে বর্তমানে একটি দ্বিতীয় চাঁদ বা উপগ্রহের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এটি কোনো স্থায়ী উপগ্রহ নয়, বরং প্রায় ২ মিটার বা ৬ ফুট ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু। গত এপ্রিল মাসে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ার পর এটি সাময়িকভাবে আমাদের গ্রহের চারপাশে ঘুরছে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, আগামী ডিসেম্বরের শুরুর দিকে এটি পৃথিবীর প্রভাববলয় থেকে বেরিয়ে সূর্যের চারপাশে তার নিজস্ব কক্ষপথে ফিরে যাবে।
এই সাময়িক উপগ্রহটিকে বিজ্ঞানীরা ‘মিনি মুন’ বা ক্ষুদ্র চাঁদ হিসেবে অভিহিত করছেন। গ্রহাণুটি অত্যন্ত ছোট এবং অনুজ্জ্বল হওয়ায়, এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা মহাকাশযানের ভাঙা অংশ কি না, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞদের কয়েক সপ্তাহ সময় লেগেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার গত অক্টোবরের শেষ দিকে এই বস্তুটির নাম দিয়েছে ‘২০২৬ কিউকিউ৮’। এই সংস্থাটি নিয়মিতভাবে সৌরজগতের গ্রহাণু, ধূমকেতু ও অন্যান্য ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করে থাকে।
‘মিনি মুন’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক নাম নয়। এর আগে পৃথিবীর চারপাশে সাময়িকভাবে ঘুরে বেড়ানো কয়েকটি প্রাকৃতিক বস্তুর ক্ষেত্রেও বিজ্ঞানীরা এ শব্দ ব্যবহার করেছেন। এর মধ্যে একটি বস্তু প্রায় এক বছর এবং অন্যটি প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে অবস্থান করেছিল।
মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন জানিয়েছেন, পৃথিবীর চারপাশে এ ধরনের সাময়িক উপগ্রহ থাকা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর আশেপাশে এমন একটি বস্তু থাকতে পারে, যা কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস অবস্থান করে। কখনো কখনো এমন একাধিক বস্তুও দেখা যায়। তিনি আরও ব্যাখ্যা করেন যে, অধিকাংশ গ্রহাণুর আকার খুব ছোট হওয়ায় এবং দ্রুত গতিতে চলাচল করার কারণে বর্তমান পর্যবেক্ষণ প্রযুক্তিতে এগুলো শনাক্ত করা কিছুটা কঠিন হয়।
২০২৬ কিউকিউ৮ নিয়ে পৃথিবীর জন্য কোনো সংঘর্ষের ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। যদি কোনোভাবে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেও ফেলে, তবুও এর ক্ষুদ্র আকারের কারণে এটি বায়ুমণ্ডলেই পুড়ে ভেঙে যাবে। ম্যাথিউ পেইনের মতে, এর ফলে বড়জোর আকাশে উজ্জ্বল উল্কাপাত দেখা যেতে পারে এবং সামান্য বিস্ফোরণের মতো শব্দ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২০: ৪২আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২০: ৪৩




