জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন যে, কেবল আওয়ামী লীগকে ঠেকানোর উদ্দেশ্যে কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় তার দল যোগ দেবে না। রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে ঐকমত্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে—এমন কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না। তিনি আরও বলেন, দেশের এই সংকটকালে সরকারপ্রধান সংলাপের ডাক দিলে দায়িত্বশীল দল হিসেবে এনসিপি অবশ্যই তাতে সাড়া দেবে। তবে এ ক্ষেত্রে তাদের কিছু মৌলিক শর্ত রয়েছে।
তিনি অবিলম্বে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, এই পদক্ষেপের মাধ্যমেই সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে যে সরকার প্রকৃতপক্ষে জাতীয় ঐকমত্য চাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশ ও পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নিতে চাচ্ছেন, তা এনসিপি জানতে আগ্রহী।
সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, জাতীয় ঐক্যের কথা প্রথম এনসিপিই উত্থাপন করেছিল, কিন্তু তখন বিএনপি তাতে সাড়া দেয়নি। তিনি ঐক্যের জন্য একটি সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন। নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে সরকার যে অঙ্গীকার ভঙ্গ করেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে এবং এমন কিছু করতে হবে যাতে জনগণ ও রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হয়।
তিনি জানান, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার তরান্বিত করা এবং গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ হলে তবেই জাতীয় ঐক্য সম্ভব। উল্লেখ্য, গত ১৩ই নভেম্বর নাহিদ ইসলাম ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে লন্ডন সফরে গিয়েছিলেন।




