কুমিল্লার বরুড়া পৌরসভার কশামী গ্রামে গলায় বেলুন আটকে তাবাসুম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাবাসুম ওই গ্রামের মো. মহিন উদ্দিনের মেয়ে। রোববার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা মো. মহিন উদ্দিন আদর করে মেয়েকে একটি বেলুন কিনে দিয়েছিলেন। রোববার বিকেলে শিশুটি বেলুনটি মুখে নিয়ে কামড় দিলে তা ফেটে যায় এবং বেলুনের একটি অংশ তার শ্বাসনালিতে আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন জানান, শিশুটিকে ইমার্জেন্সিতে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। এরপরও নিশ্চিত হওয়ার জন্য তারা ইসিজি করেছিলেন।
এ বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, তাদের কাছে এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




