ভোলার তজুমদ্দিনে ঘরের ভেতরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর ও জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। শনিবার গভীর রাতে উপজেলার কোড়ালমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার ফকিরের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ইয়ানুর বেগম জানান, শনিবার গভীর রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। ঘরে ফেরার পরপরই হঠাৎ মুখোশ পরা তিনজন ডাকাত ভেতরে ঢুকে তার ওপর হামলা চালায়। দুষ্কৃতকারীরা তাকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং একপর্যায়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরবর্তীতে ঘরে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা।
ইয়ানুর বেগম আরও জানান, তার ছেলে আক্তার ফকির একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সম্প্রতি প্রতিবেশী এক ব্যক্তি মব সৃষ্টি করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে একটি মামলা দেন এবং সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। কারাবন্দি ছেলের জামিন আবেদনের প্রয়োজনীয় খরচের জন্যই ঘরে ৮০ হাজার টাকা গচ্ছিত রাখা ছিল, যা ডাকাতেরা লুটে নিয়ে গেছে।




