পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত মোবারক হোসেন ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিশুটির পরিবার। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকড়হাটা গ্রামে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশুটির বাবা আমিরুল ইসলাম। এ সময় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও যুবদল নেতা শরীফুল হকসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম অভিযোগ করেন, গত ১৯ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী মোবারক হোসেন তার পাঁচ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করে যে, অভিযুক্ত মোবারক ও তাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে গত ১ নভেম্বর মুলাডুলি রেলগেটে মানববন্ধন করা হয়েছিল। সেখানে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত মোবারক জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয় ও অদৃশ্য শক্তির প্রভাবে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে দাবি করেন তারা। অভিযুক্ত প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাকে আইনের আওতায় না আনায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শিশুটির বাবা আরও জানান, মামলা করার পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তার জমি ও বাগানের ফল-ফসলের ক্ষতি করা হচ্ছে। এ অবস্থায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মু. সাইদুল ইসলাম অভিযুক্তের সঙ্গে দলের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যিনি জড়িত, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তিনি জামায়াতের কোনো কর্মী নন। নির্বাচনের সময় হয়তো অনেকেই জামায়াতের পক্ষে নির্বাচন করেছেন বা ভোট চেয়েছেন, তবে সে কারণে তাকে জামায়াতের কর্মী বলা যাবে না। তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার অবশ্যই শাস্তি হতে হবে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, ঘটনার পর তারা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছিলেন। মীমাংসা করতে না পেরে ঘটনার সাত দিন পর থানায় মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে তিনি আশ্বাস দেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আমিনুর রহমান, নজরুল ইসলাম মুকুল, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবুর আলী, জিয়াউর রহমান ও কৃষক দল নেতা জহুরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




