ডিসেম্বর মাসে কোনো বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি।
বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান প্রতিরোধ, অবৈধ পথে কোনো ব্যক্তির যাতায়াত বন্ধ করা এবং মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আসা ঠেকানো বিজিবির অন্যতম প্রধান কাজ। তিনি আরও বলেন, বিশেষ করে এই ডিসেম্বর মাসে কোনো ধরনের অবৈধ ব্যক্তি বা বিতর্কিত কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করার জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সঙ্গে এদিক থেকে কেউ যেন অবৈধভাবে বাইরে যেতে না পারে, পুশ-ইন ঠেকানো যায়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবেই তিনি ফেনী, কুমিল্লা এবং আখাউড়া সীমান্ত এলাকা ঘুরে দেখছেন বলে জানান। স্থানীয়দের উদ্দেশে বিজিবি মহাপরিচালক বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছে অনেক তথ্য থাকে। কারও আসা-যাওয়ার কোনো তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি। তথ্য পেলে বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান এবং ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




