ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি। শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো নতুন করে খুলতে শুরু করেছে। তবে সাধারণ মানুষের মধ্য থেকে এখনো আতঙ্কের রেশ পুরোপুরি কাটেনি। রাস্তাঘাটে স্বাভাবিক সময়ের মতো জনসমাগম না থাকায় এবং চাপা উদ্বেগ বিরাজ করায় প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।
শুক্রবার সকাল ৮টা থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সদর উপজেলার লঞ্চঘাট, পুলিশ লাইন ও আশপাশের কিছু এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। সড়কে যানবাহন ও মানুষের চলাচল ধীরে ধীরে কিছুটা বাড়লেও স্বাভাবিক সময়ের তুলনায় উপস্থিতি ছিল অনেক কম। পুরো শহরজুড়েই এক ধরনের সুনসান নীরবতা বিরাজ করছে।
নিরাপত্তা বজায় রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি রাস্তায় অব্যাহত রয়েছে তাদের নিয়মিত টহল। পরিস্থিতি সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, তারা নিয়মিত ডিউটি পালন করছেন এবং বর্তমানে গোপালগঞ্জ সদরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আতঙ্ক ও অনিশ্চয়তা সঙ্গী করেই গোপালগঞ্জের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে। দোকানপাট চালু হলেও ক্রেতা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এখনো তেমন চোখে পড়ছে না। স্থানীয় অধিবাসীদের মতে, শহরের সার্বিক পরিবেশ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে।




