অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী নির্ধারিত সফর শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সফরসূচি অনুযায়ী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তাঁর এই দ্বিপক্ষীয় ও সংগঠনভিত্তিক সফর অনুষ্ঠিত হবে।
সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে যৌথ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বৈঠকে বসবেন আমিরে জামায়াত। এর পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আয়োজিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। অস্ট্রেলিয়া পর্বের বিভিন্ন অনুষ্ঠান শেষ করে তিনি মালয়েশিয়ায় যাবেন এবং সেখানেও প্রবাসী বাংলাদেশীদের একাধিক সমাবেশে যোগ দেবেন।
এ সফরে জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, সংগঠনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম। এর আগে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে আমিরে জামায়াতকে বিদায় জানান দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ শীর্ষ নেতারা।




