ভারতের ইতিহাসে বৃহত্তম ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় দেশজুড়ে প্রায় ১৩ কোটি মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, এই কার্যক্রমের ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকেই মুসলিম জনগোষ্ঠী বিভিন্ন বৈষম্য ও বর্জনমূলক নীতির শিকার হয়ে আসছে বলে অভিযোগ তুলেছেন মানবাধিকারকর্মীরা। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া অনেককে এমনকি বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে।
রয়টার্স ভারতে আক্রান্ত ১০টি পরিবারের সাক্ষাৎকার গ্রহণ করে এই চিত্র তুলে ধরেছে। ওই পরিবারগুলোর সদস্যদের কাছে ভারতের বৈধ পরিচয়পত্র বা পারিবারিক কাগজপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার পর তাদের আটক, বহিষ্কার কিংবা নাগরিকত্ব নিয়ে হয়রানির মুখোমুখি হতে হয়েছে। অথচ তাদের মা-বাবা কিংবা ভাইবোনদের নাম ভোটার তালিকায় বহাল রয়েছে। অনুসন্ধানে দেখা যায়, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটিকে কীভাবে অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের সুনির্দিষ্ট অভিযানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। যদিও আইন অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াই কোনো ব্যক্তিকে বিদেশি নাগরিক প্রমাণের জন্য যথেষ্ট নয়।
এই ধরনের অভিযানের শিকার মুম্বইয়ের ৩৮ বছর বয়সী সাহিদা ফকিরের ঘটনাটি তুলে ধরেছে রয়টার্স। গত ১৯শে জুলাই মুম্বইয়ের বাসভবন থেকে ছোট ছেলেকে কিছুক্ষণের মধ্যে ফেরার কথা বলে সবজি কিনতে বের হন তিনি। কিন্তু এরপর আর তিনি ঘরে ফেরেননি। বর্তমানে স্বামী জুম্মান ও দুই সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে সাহিদা বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে অবস্থান করছেন। সাহিদা জানান, মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সাদাপোশাকের সদস্যরা তাকে পথ থেকে হাত ধরে টেনে গাড়িতে তুলে আটক করে এবং তার ফোন কেড়ে নেয়। ফোনে তার সব পরিচয়পত্রের কপি ছিল। পরে রাত ১টার দিকে সীমান্তের একটি জনমানবহীন ও বেড়াহীন কাদামাখা অংশ দিয়ে তাকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাকে আশ্রয় দেন।
মুম্বই পুলিশ আদালতকে জানিয়েছে, সাহিদাকে আসাম সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছিল এবং ‘নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে’ বহিষ্কার করা হয়। আদালতের নথি থেকে জানা যায়, ওই অভিযানে সাহিদাসহ ১৪৯ জনকে ভারতীয় কর্তৃপক্ষ ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বহিষ্কার করে। তবে সাহিদা এই দাবি প্রত্যাখ্যান করে জানান, তার দাদা-দাদি ও পুরো বংশধারার জন্ম ভারতের মাটিতে। ১৯৫২ সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন থেকে শুরু করে ২০০২-০৩ সালের ভোটার তালিকায় এবং অন্তত ২০০৮ সাল থেকে স্বাতন্ত্র্যসূচক তালিকায় পশ্চিমবঙ্গের স্বরূপনগরে তার পরিবারের নাম নিবন্ধিত রয়েছে। মুম্বইয়ের বিদেশি নাগরিকদের আঞ্চলিক নিবন্ধন কার্যালয় কলকাতা হাইকোর্টে দাবি করেছে যে সাহিদা তদন্তে বাংলাদেশি জন্মসনদ দিয়েছেন, যা সাহিদা কঠোরভাবে অস্বীকার করে বলেছেন যে পুলিশ তার মোবাইল ফোন কেড়ে নেওয়ায় তিনি কাগজপত্র দেখাতে পারেননি। ভারতের আইনে সব সময় পরিচয়পত্র সাথে রাখা বাধ্যতামূলকও নয়।
সাহিদার পরিবার গত আগস্টে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করে উল্লেখ করেছে যে, কেবল ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে কিংবা যাচাইহীন প্রশাসনিক দাবির ভিত্তিতে কাউকে বিদেশি প্রমাণের সুযোগ নেই। বর্তমানে তার স্বামী আদালতের দ্বারে দ্বারে ঘুরে আইনি লড়াই চালাচ্ছেন। একইভাবে বাসনপত্র বিক্রি করা নাসিরুদ্দিন শেখসহ চারজন কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। তারা জানান, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর বিশেষ ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকা অবস্থাতেই ছত্তিশগড় থেকে পুলিশ ২২ জনকে আটক করে। ভোটার তালিকায় নাম মেলায় ১৯ জনকে ১৪ দিন পর ছাড়া হলেও নাসিরুদ্দিনসহ চারজনকে নাম না থাকার অজুহাতে ৩২ দিন একটি আটককেন্দ্রে বন্দি রাখা হয়। সেখানে ৬০ জনের থাকার হলে বায়োমেট্রিক ও স্বাস্থ্য পরীক্ষা করে জেলের মতো পরিবেশ তৈরি করা হয়েছিল। আদালতের শুনানির আগের রাতে তাদের মুক্তি দেওয়া হয়।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রভাব ছিল অত্যন্ত ব্যাপক। রাজ্য নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়। কলকাতাভিত্তিক সংস্থা ‘সাবির ইনস্টিটিউট’-এর তথ্য বিশ্লেষণ অনুযায়ী, নিবিড় যাচাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই ছিল মুসলিম সম্প্রদায়ের, যদিও রাজ্যে তাদের জনসংখ্যা মাত্র ২৭ শতাংশ। নির্বাচনে জয়ী হয়ে বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ জানান, সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ থাকলেও ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নির্বাচনের ফল নির্ধারণে প্রধান ভূমিকা রেখেছিল।
রাজনীতিতে এই কার্যক্রমের প্রত্যক্ষ ব্যবহারের প্রমাণ মেলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে। গত ৫ই নভেম্বর উত্তর ভারতের হরিয়ানায় এক নির্বাচনী সমাবেশে অমিত শাহ স্পষ্ট করে বলেন, বিজেপির সুনির্দিষ্ট সংকল্প হলো প্রথমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া এবং পরবর্তীতে তাদের খুঁজে বের করে দেশ থেকে বহিষ্কার করা। বিশেষ করে ১৯৪৭ সালের ভারত বিভাগ এবং ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ভৌগোলিক ও পারিবারিকভাবে বিভক্ত হয়ে পড়া পশ্চিমবঙ্গ অঞ্চলটি এখন বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে চলমান এই অভিযানের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের আদালত ও ট্রাইব্যুনালগুলোতে লাখ লাখ আপিল বিচারাধীন রয়েছে। মানবাধিকারকর্মী কিরিটি রায় ক্ষোভ প্রকাশ করে জানান, বিচারিক কার্যক্রম অত্যন্ত ধীরগতিতে চলায় ভুক্তভোগী সাধারণ মানুষ চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অন্যদিকে, পশ্চিমবঙ্গে স্থায়ী আটক শিবির না থাকার দাবি করা হলেও মুর্শিদাবাদে একটি কঠোর নিরাপত্তাবেষ্টিত অস্থায়ী আটককেন্দ্রে বন্দিদের রাখা এবং বাইরে স্বজনদের কান্নাকাটির দৃশ্য প্রত্যক্ষ করেছেন সংবাদকর্মীরা। সামগ্রিক বিষয়ে মন্তব্যের জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কোনো সংস্থার পক্ষ থেকেই সাড়া পাওয়া যায়নি।




