আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির প্রত্যাশায় সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি স্বাভাবিক হয়ে আসা এবং বৈশ্বিক চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ার সম্ভাবনা এই দরপতনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা ০.৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা ০.২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে নেমেছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্বে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি হতে পারে, যেখানে আগে সরবরাহের ঘাটতি হওয়ার আশঙ্কা করা হয়েছিল। এছাড়া সদস্য দেশগুলোর জরুরি মজুত থেকে আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ আরও ৭ কোটি ১০ লাখ ব্যারেল তেল বাজারে সরবরাহ করা হবে, যার মধ্যে ১ কোটি ৫০ লাখ ব্যারেল ডিজেল অন্তর্ভুক্ত রয়েছে।
জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের আওতায় দেওয়া ছাড় আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এর ফলে বিদেশি পতাকাবাহী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দরের মধ্যে জ্বালানি তেল ও অন্যান্য পণ্য পরিবহনের সুযোগ পাবে, যা সরবরাহ সহজতর করবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত ঘিরে ভূরাজনৈতিক উদ্বেগ কিছুটা কমে আসায় তেলের বাজারে চাপ তৈরি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত বৃদ্ধি এবং পরিশোধিত জ্বালানির চাহিদা কমে যাওয়ার লক্ষণও বাজারে প্রভাব ফেলছে।
তবে তেলের দাম আরও কমে যাওয়ার ক্ষেত্রে কিছু ঝুঁকি এখনো বিদ্যমান। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। জাহাজ চলাচলের ঝুঁকি ও পরিবহন ব্যয় বেশি থাকায় ট্যাংকার ভাড়াও এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। এর আগে রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালির পূর্বদিকে একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়, যদিও রয়টার্স এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।




