আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আগের জ্যেষ্ঠতা বহাল, নিয়মমাফিক পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ করে বিক্ষোভ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে মূল ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হয়। রাত আটটা গড়িয়ে সাড়ে আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য নিজ দপ্তরে অবরুদ্ধ ছিলেন।
বিক্ষোভের একপর্যায়ে সোমবার বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাসে ‘লকডাউন’ ঘোষণা করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এর আগে সকালে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা একটি পাল্টা কর্মসূচি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, সংস্কারের বাহানায় ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের মূল কাঠামো পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বিনষ্ট করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প ও খাতে কোটি কোটি টাকা অপচয় করা হলেও দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর পাওনা পরিশোধে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
নিজ কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ গণমাধ্যমকে বলেন, "যারা আন্দোলন করছেন, তাদের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এখানে আমার কী করার আছে? তারা অন্যায়ভাবে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন।" জানা গেছে, পরিস্থিতি নিরসনে রাত সাড়ে আটটার দিকে অবরুদ্ধ উপাচার্যের সঙ্গে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলের বৈঠক চলছিল। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে বা কোনো সমাধান এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আজ (সোমবার) সকাল ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়। রাত ৮টা পর্যন্ত নিজ দপ্তরে অবরুদ্ধ রয়েছেন উপাচার্য।




