রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সোমবার সন্ধ্যার পর পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন ও নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ সারাদেশে অগ্নি-সন্ত্রাস চালাচ্ছে। বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট এবং বাসে আগুন দেওয়ার ঘটনা তাদের পুরনো রাজনীতিরই বহিঃপ্রকাশ। গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। হাসান আল মামুন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান এবং বিশেষ বাহিনীর মাধ্যমে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া তিনি ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের এই সন্ত্রাস মোকাবিলা করার আহ্বান জানান।
গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুজ জাহের বলেন, ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের পরপরই আওয়ামী লীগ নৈরাজ্য শুরু করেছে, যা নিয়ে জনসাধারণের মধ্যে নতুন প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি আরও দাবি করেন, গোপালগঞ্জে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ঘরবাড়ি ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নীরবতায় জনমনে গোপন আঁতাতের সন্দেহ দেখা দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় কারো পক্ষেই ভালো থাকা সম্ভব নয়।
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইউনুস গাজীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের মুখপাত্র আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, নারী অধিকার পরিষদের আহ্বায়ক সংগীতা হক, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন এবং মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।




