যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ নীতির কারণে ইরানের অর্থনীতি বর্তমানে ইতিহাসের অন্যতম দ্রুত পতনের মুখে রয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পূর্বাভাস দিয়েছেন যে, ২০২৬ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত এক বছরের ব্যবধানে দেশটির অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে।
এই বিশাল অর্থনৈতিক সংকোচনের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বেসেন্ট রাশিয়ার অর্থনীতির একটি উদাহরণ টেনেছেন। তিনি জানান, সোভিয়েত ইউনিয়নের পতনের সময় তিন বছরে রাশিয়ার অর্থনীতি ২২ শতাংশ সংকুচিত হয়েছিল। অথচ ইরানের ক্ষেত্রে মাত্র এক বছরেই ২৫ শতাংশ সংকোচন হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ইরানের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন গত আগস্ট মাস থেকে 'অপারেশন ইকোনমিক আউটকাস্ট' নামে একটি অভিযান পরিচালনা করছে। বেসেন্ট এই উদ্যোগকে একক কোনো দেশের বিরুদ্ধে বিশ্বের ইতিহাসে চালানো সবচেয়ে বড় অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।
মার্কিন অর্থমন্ত্রী আরও জানান, ইরান থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে এই হুমকিকে তিনি তার কাজের সাফল্যের ইঙ্গিত হিসেবে দেখছেন। তিনি বলেন, 'তাদের মৃত্যুর হুমকি আমাকে বলছে, আমি যা করছি, তা কাজ করছে।'




