বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে একটি ঝটিকা আনন্দ মিছিল করেছে যুবলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৮ নভেম্বর) দুপুরে নগরীর প্রাণকেন্দ্র সদর রোড এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
উক্ত মিছিলে নেতৃত্ব দেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক। মিছিল চলাকালে বিভিন্ন রাজনৈতিক স্লোগানে পুরো সদর রোড এলাকা মুখরিত হয়ে ওঠে। অংশগ্রহণকারীদের হাতে থাকা সামনের ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ছবি ছিল। এছাড়া ব্যানারে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছবিও দেখা যায়।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, হঠাৎ করে নগরীতে একটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর পেয়েছে পুলিশ। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মিছিলে কারা অংশ নিয়েছিলেন, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।




