মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে শিশুকে প্রাইভেট পড়ানোর আড়ালে গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক এবং পরে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নূর আলম শেখ (৩২) গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী এলাকার বাসিন্দা এবং চার সন্তানের জনক। তিনি টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করছিলেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করা হয়েছে। সোমবার সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর আলম শেখ ওই মসজিদে ইমামতি করার সময় স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে তাদের বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। নিয়মিত যাতায়াতের সুবাদে শিশুটির মায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয় এবং নূর আলম গোপনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন।
প্রায় এক মাস আগে সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাকে ইমামতি থেকে বহিষ্কার করে এবং এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর তিনি শ্রীনগরে অবস্থান নেন। অভিযোগ রয়েছে, এলাকা ছাড়ার পর তিনি ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন এবং দেখা করার জন্য চাপ দেন। একপর্যায়ে ধারণ করা একটি অশ্লীল ভিডিও ওই গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে পাঠিয়ে তিনি ব্ল্যাকমেইল শুরু করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ভয় দেখানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. কামরান হোসেন মানবজমিনকে বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় নারী-শিশু ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




