দীর্ঘদিন বিরতি দেয়ার পর আবারও ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। জনপ্রিয় এই সিরিজের ক্যাটনিস এভারডিন চরিত্রে তাকে আবারও দেখা যাবে। নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ তার প্রত্যাবর্তন ঘিরে দর্শক মহলে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটি আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এটি মূল সিরিজের ধারাবাহিক গল্প নয়, বরং একটি প্রিক্যুয়েল। মূল কাহিনির ২৪ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। এতে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার ঘটনা তুলে ধরা হবে। তরুণ হেইমিচের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাডা এবং প্রেসিডেন্ট স্নো চরিত্রে দেখা যাবে র্যালফ ফাইনসকে।
সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে উপস্থাপক অ্যালেক্স কুপারের সঙ্গে আলাপচারিতায় নতুন সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন জেনিফার লরেন্স। তিনি জানান, এই সিনেমার মাধ্যমে পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনের সুযোগ পেয়ে তিনি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। বিশেষ করে উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনের মুহূর্তটি ছিল বেশ মজার। লরেন্স জানান, কোনো আমন্ত্রণ ছাড়াই উডি তার হোটেল কক্ষের জানালা দিয়ে ঢুকে পড়েছিলেন, যা তাকে পুরোনো দিনের সেই দুষ্টুমির কথা মনে করিয়ে দিয়েছে। আলাপচারিতায় অভিনেত্রী ‘হাঙ্গার গেমস’ সিরিজের শুটিংয়ের পুরোনো স্মৃতিও রোমন্থন করেন।




