কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগতির একটি কারের ধাক্কায় নজির আহমদ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে রামু উপজেলার হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কের পেঁচার দ্বীপ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নজির আহমদ রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নিহতের ছেলে মোহাম্মদ ইউনুস জানান, শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন তার বাবা। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ভাড়া চালিত ‘দুয়েল’ কার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পর্যাপ্ত গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় পথচারীদের জন্য সড়কটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সড়কটিতে স্পিড নিয়ন্ত্রণ, সতর্কতামূলক সাইনবোর্ড এবং নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌম নাথ জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




