ঈদগাঁও প্রতিনিধি: সংযম, সহানুভূতি, নিয়মানুবর্তিতা, অনুধাবন-হচ্ছে রমজানের মৌলিক শিক্ষা। মাহে রমজান আমাদের কাছে এসেছে আল্লাহর অফুরন্ত নেয়ামত হিসেবে। সিয়াম সাধনার মাধ্যমে এ নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। ঈদগাঁও নিউজ ডট কমের দর্শক, শ্রোতা, পাঠক ও শুভাকাঙ্খীদের অংশগ্রহণে ১৫ তম আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত বক্তব্য দেন।
আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল “এলাকার সার্বিক উন্নয়নে অনলাইন সাংবাদিকতাঃ প্রেক্ষিত ঈদগাঁও”। অনুষ্ঠানে আমন্ত্রিতদের স্বাগত জানান ঈদগাঁও নিউজ ডট কমের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
বৃহত্তর ঈদগাঁওর সর্বপ্রথম এ অনলাইন নিউজ পোর্টালের আয়োজনে এ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদগাঁও উপজেলার আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শামসুল হক আজিজী, খেলাফত মজলিশ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী, জাতীয়তাবাদী দল- বিএনপির ঈদগাঁও উপজেলার সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, যুবদল ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি কামাল হোছাইন মেম্বার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী, ধরিত্রী রক্ষায় আমরা- ধরার ঈদগাঁও উপজেলা শাখার নেতা মিজানুর রহমান।
ঈদগাঁও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় এতে আলোচকরা বলেন, সাংবাদিকদের সমাজের দুঃখ- দুর্দশা তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে কলম চালাতে হবে। সাংবাদিকদের কোন বন্ধু নেই। তবে তাদের প্রচুর শুভাকাঙ্ক্ষী রয়েছে। দেশ, সমাজ ও জাতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বক্তারা আরো বলেন, বর্তমান অনলাইন সাংবাদিকতার কারণে পৃথিবী এখন হাতের মুঠোয়। যে কোন সংবাদ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। অনলাইন সাংবাদিকতা সংবাদ সেবায় নিত্য নতুনত্ব সৃষ্টি করছে। সুষ্ঠু পরিকল্পনা ও নিয়মতান্ত্রিক পরিচালনার মাধ্যমে এ সেবা খাতকে ব্যবহার করা গেলে দেশ ও জাতি উপকৃত হবে।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামসুল হক আজিজী।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ আমীনুর রশিদ। পরে আগতদের মাঝে ইফতারের খাবারের প্যাকেট বিতরণ করা হয়।




