বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় সেনাবাহিনী ও এলাকাবাসীর যৌথ অভিযানে ডাকাতির সময় দু’জন সক্রিয় ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার(০২ ফেব্রুয়ারী) রাতে সেনাবাহিনীর একটি টহলদল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর মোঃ মুতাসিম ফাইয়াজ (১৬ বীর)।
আটককৃত ডাকাতরা হলেন-মোঃ বোরহান উদ্দিন (২৬) ও মোঃ ইমন (৩০) ।
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড খালকাটা পাড়া এলাকার মোঃ শাহজাহানের বাড়িতে ডাকাতি চলাকালে সেনাবাহিনীর টহলদল ও স্থানীয় জনগণের সহযোগিতায় দুই ডাকাতকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় চাইনিজ কুরাল ও একটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়েছে। পরে আটক ডাকাতদের চকরিয়া আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও চকরিয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
স্থানীয়রা জানান, সেনাবাহিনীর নিয়মিত টহল ও দ্রুত অভিযানের ফলে এলাকায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে। তারা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, চকরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে।




