আহমদ বিলাল খান, রাঙামাটি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনে গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জুঁই চাকমা বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ না হয়, তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে।
আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১২তম দিনে রাঙামাটি পৌরসভা এলাকার বিহারপুর ও মাষ্টার পাড়ায় আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। অভিযোগ করে জুঁই চাকমা বলেন, রাঙামাটিতে অনেক প্রার্থী প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, যা একটি অসম ও প্রশ্নবিদ্ধ প্রতিযোগিতার সৃষ্টি করছে।
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর দৃষ্টি আকর্ষণ করে জুঁই চাকমা বলেন, সমান সুযোগ ছাড়া নির্বাচন কখনো জনগণের প্রকৃত মতামত প্রতিফলন করতে পারে না।
তিনি বলেন, এক কথায় বলতে গেলে আমি অসম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। তারপরও গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।
তিনি আরও বলেন, ক্ষমতার পট পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক মাধ্যম হলো নির্বাচন, আর সে কারণেই গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েই তিনি রাঙামাটি-২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উঠান বৈঠক শেষে আগামী ১২ ফেব্রুয়ারি কোদাল মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিন জুঁই চাকমা রাঙামাটি পৌর এলাকার বিহারপুর, মাষ্টার পাড়া, শান্তিনগর, রসুলপুর, গর্জনতলী ও কাঠালতলী এলাকায় নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ ও উঠান বৈঠক করেন।
এসময় উপস্থিত ছিলেন জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




