সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন কর্তৃক এক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবী করে ইউএনওকে স্মারকলিপি ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ছদাহা ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. মোরশেদুর রহমান চৌধুরী। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন চেয়ারম্যান মোরশেদুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মোরশেদুর রহমান অভিযোগ করে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত বেশিরভাগ জনপ্রতিনিধি আত্মগোপনে চলে যান। এরই প্রেক্ষিতে সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধক নিয়োগ দেন। সাতকানিয়া উপজেলার আমিই একমাত্র চেয়ারম্যান যাকে সরকার ইউপি চেয়ারম্যানের দায়িত্বে বহাল রেখেছেন। এমতাবস্থায় আমার ইউনিয়নের বাইরের কিছু লোকজন নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাকে অপসারণ করতে ইউএনও বরাবর আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়াও ওই স্বার্থান্বেষী মহল এ সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করেছে।
চেয়ারম্যান মোরশেদুর আরও বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত আমার এ ছদাহা ইউনিয়ন। নৌকা মার্কার প্রার্থীকে ঘায়েল করতে আমার পরিবারের সাথে যোগাযোগ করে অনেকটা জোর করে নির্বাচনে প্রার্থী করে প্রবল প্রতিরোধের মাধ্যমে আমাকে
জিতিয়ে আনেন। এর পর থেকে এলাকার উন্নয়নের স্বার্থে তৎকালীন ক্ষমতাশীনদের সাথে যোগাযোগ করেছি। অনেক সময় এলাকার কাজের কথা বলতে গিয়ে বিএনপি-জামায়াতের প্রেতাত্মা উল্লেখ করে আওয়ামী লীগের কাছে হেনস্তার শিকার হয়েছি। অথচ বিভিন্ন অনুষ্ঠানে থাকা সেই সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আমার বিরুদ্ধে রাজনৈতিক রঙ লাগিয়ে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে ; যা দু:খজনক, নিন্দনীয় ও ঘৃণ্য কাজ।
চেয়ারম্যান মোরশেদুর আরও বলেন, আপনারা জানেন সাতকানিয়া বিএনপি চার গ্রুপে বিভক্ত। এর মধ্যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন জামাল হোসেন। অথচ অপর তিন গ্রুপের প্রধানরা আমাকে আশ্বস্ত ও প্রকাশিত সংবাদ নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছেন, এলাকায় আপনার জনপ্রিয়তা থাকলে আপনি অপসারণ হবেন কেন ; এলাকার জনগণই নির্ধারণ করবে আপনি চেয়ারম্যান থাকবেন, নাকি অপসারণ হবেন। বিএনপি সে রাজনীতিতে বিশ্বাস করে না বলে নেতৃবৃন্দরা জানিয়েছেন। এলাকার জনগণ যেহেতু আমার ওপর আস্থা ও আমাকে সর্বাত্মক সহযোগিতা করছেন তাই অভিযোগ নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত ও চিন্তিত নই।
চেয়ারম্যান মোরশেদুর এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এলাকার জনসাধারণকে সাথে নিয়ে বৈষম্যহীন সুন্দর ও একটি সুখী সমৃদ্ধ মডেল ছদাহা গঠন করতে চাই। এই লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদ এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে ছদাহা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন বলেন, বিনা ভোটে ও অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণে দলের যে কেন্দ্রীয় নির্দেশনা তা বাস্তবায়নে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানের ন্যায় ছদাহা ইউনিয়নের চেয়ারম্যানকে অপসারণের জন্য ইউএনওকে স্মারকলিপি দিয়েছি।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের দাবী অনুযায়ী দলে বিভক্তির বিষয়ে জামাল হোসেন বলেন, সাতকানিয়া বিএনপির মধ্যে কোন বিভক্তি নাই। চেয়ারম্যান যে অন্য তিন জন নেতার নাম সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তারা উপজেলা বিএনপির বর্তমান কমিটির কোন পদে নাই। আমি ওই নেতারা যদি চেয়ারম্যানকে দায়িত্ব পালনের জন্য যে কথা চেয়ারম্যান সাংবাদিকদের বলেছেন, তার প্রমাণ পেলে তাদের দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে আবেদন করব।




