সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাঠগড় এলাকায় রেলওয়ে কর্তৃক তৈরিকৃত ২০ পরিবারের চলাচলের রাস্তা দখলে নেওয়ার অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ রোববার(০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি’র মোড়ের দোহাজারী-কক্সবাজার রেললাইন সংলগ্ন পূর্ব কাঠগড় এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
জানা যায়, এলাকাবাসীর চলাচলের দীর্ঘ ২০ বছরের পুরোনো রাস্তাটির একাংশ রেলওয়ে কর্তৃপক্ষ দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণের জন্য অধিগ্রহণ করেন। রেললাইন নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে গত বছর রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশে টিকাদারী প্রতিষ্ঠান ওই জায়গার উপর নতুন করে একটি রাস্তা তৈরি করে দেন। সে রাস্তাটি অপর একটি পক্ষ তাদের পৈতৃক জায়গা এবং আদালতের নিষেধাজ্ঞা আছে দাবি করে আসছেন। তবে রাস্তাটি রেলওয়ে কর্তৃপক্ষ রেললাইন নির্মাণের আগে অধিগ্রহণ করেছেন।
ভুক্তভোগী আবদুল কাইয়ুম বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে আমাদের ২০ পরিবারের চলাচলের জন্য রাস্তাটি তৈরি করে দিয়েছেন। এটি রেলওয়ে কর্তৃপক্ষের অধিকগ্রহণকৃত জায়গা। স্থানীয় আমির হোসেন দীর্ঘদিন ধরে রাস্তাটি দখল করার চেষ্টার সময় আমাদের উপর হামলা চালিয়েছে। দরকার হলে আমাদেরকে মেরে ফেলুক। তারপরও এই রাস্তা দখল করতে দিব না। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অপর এক ভুক্তভোগী রুনা আকতার জানান, রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তাটি তৈরি করে দিয়েছেন। এ ছাড়াও তারা রাস্তার দু’পাশে চারা লাগিয়েছেন। যা এখন দৃশ্যমান। রাস্তার অনেক দূর পর্যন্ত রেলের অধিগ্রহণকৃত জায়গা রয়েছে। তারপরও স্থানীয় ইউপি সদস্য আব্দুর গফুর মুক্তার সহযোগিতায় আমির হোসেন রাস্তার জায়গাটি দখল করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আমির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন , রাস্তাটি রেলওয়ে কর্তৃপক্ষ তৈরি করে দেইনি ; তারা নিজেরাই তৈরি করেছে। জায়গাটির উপর আদালতের নিষেধাজ্ঞা চলমান আছে।
জায়গাটি রেলওয়ে কর্তৃপক্ষ অধিগ্রহণের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, তবে আমরা এখনও পর্যন্ত অধিগ্রহণের টাকা পাইনি।
অপর অভিযুক্ত কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর মুক্তা বলেন, জায়গাটি আমার শশুরের। আমির হোসেন আমার সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই)। তাই আমার নাম জড়াচ্ছে। তবে রেলওয়ে জায়গাটি অধিগ্রহণ করলেও এখনও কোন টাকা পায়নি।




