নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদ ইউনিয়নে ঘোনাপাড়ায় পুকুরে ডুবে মারা গেল মো. তাওছিফ নামে এক শিক্ষার্থী। খালার বাড়িতে বেড়াতে আসা এ শিক্ষার্থী গত ৭ সেপ্টেম্বর শনিবার পড়ন্ত বিকাল ৬টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় সে। ১৪ বছরের এ শিক্ষার্থী উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখীল এলাকার হেলাল উদ্দিনের পুত্র এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
সূত্র মতে শিক্ষার্থী মো. তাওছিফ গত ৬ সেপ্টেম্বর শুক্রবার বেড়াতে আসে খালার বাড়ি। শনিবার বিকেলে সহপাঠীদের সাথে ঘোনারপাড়া এলাকায় ফুটবল খেলে। খেলা শেষে খালার বাড়ির সন্নিহিত এক পুকুরে গোসল করতে নামে একপর্যায়ে পুকুরে ডুব দিয়ে আর উঠতে দেখেনি কেউ। কিছুক্ষণ পর সহপাঠীরা বিষয়টি জানায় খালার বাড়ির লোকজনকে। তারা মাছ ধরার জালদ্বারা তাকে উদ্ধার করে পুকুর থেকে। তাৎক্ষনিক ভাবে তাকে নেয়া হয় লোহাগাড়া বটতলী বেসরকারী এক হাসাপাতালে। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোকের ছাঁয়া নেমে আসে দু’পরিবারে।




