সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় মসজিদের স্বার্থে মামলা দায়ের করায় আবদুস সবুর নামে এক কলেজ শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টেন্ডল পাড়ার মঞ্জির দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তিনি ওই মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সেক্রেটারি বলে জানা গেছে।
শিক্ষক সবুর একই এলাকার মৃত মো. শফিকুর রহমানের ছেলে। এ ছাড়া তিনি সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় আহত শিক্ষক বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টেন্ডল পাড়ার বাসিন্দা মৃত মো. আলীর ছেলে মো. সোলাইমান (৬০) ও ছৈয়দ মোহাম্মদ ইয়াহিয়া (৫৫), মো. ইব্রাহিমের ছেলে মো. নেজাম (৩৮) ও মো. মহিউদ্দিন (৩৫) এবং ছৈয়দ মোহাম্মদ আইয়ুবের মো. মাইনুদ্দিন (২২)। উভয়ই একই এলাকার বাসিন্দা। অপরজন হলেন, সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে মো. আরিফ (২৬)। এ ছাড়াও ৪-৫ জনকে অজ্ঞাতনামা বিবাদী করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপরোক্ত বিবাদীগণ দীর্ঘদিন ধরে টেন্ডল পাড়াস্থ মঞ্জির দরগাহ জামে মসজিদের মাঠটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। তাদের বাঁধা প্রদান ও মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জায়গাটি নিয়ে আদালতে বি.এস সংশোধনী মামলা দায়ের করায় শিক্ষক সবুরকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি প্রদান করত বিবাদীরা। সর্বশেষ শুক্রবার সবুর (শিক্ষক) মসজিদে আসরের নামাজ আদায় করে বের হলে বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
বাদী আবদুস সবুর বলেন, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে মসজিদের স্বার্থে অটুট থাকায় বিবাদীরা আমার উপর হামলা করেছে। ইতোপূর্বে তারা আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছে৷ মসজিদের মাঠ নিয়ে আদালতে বি.এস সংশোধনী মামলা দায়ের করার পর থেকে তারা আমার উপর হামলার চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে আমার উপর হামলা হয়েছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সৈয়দ মোহাম্মদ ইয়াহিয়া বলেন, আমি মসজিদ পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি ছিলাম। জায়গাটির পি.এস আমাদের পূর্বপুরুষের নামে। বর্তমান মসজিদ পরিচালনা কমিটি আমাদের না জানিয়ে ওই জায়গা থেকে বাঁশ ও গাছ কেটে বিক্রি করায় আমরা মামলা দায়ের করেছি। শুক্রবার জুমার নামাজের পর মামলা দায়েরের বিষয়টি আগত মুসল্লিদের ব্যাখ্যা দেওয়ার সময় কিছু মুসুল্লি আমাদের উপর হামলা চালায়। পরে আসরের নামাজের পর দেখতে পায় একদল লোক বর্তমান সেক্রেটারি অধ্যাপক আবদুস সবুরকে মারধর করছে। আমি তাদেরকে প্রতিহত করতে এগিয়ে এলে তারা আমাকেও মারধর করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মসজিদের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনায় ওই মসজিদের সেক্রেটারি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




