বিনোদন ডেস্ক: নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। গুঞ্জন উঠেছে, ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী নাকি সে পথেই হাঁটছেন। প্রেম করে বেড়াচ্ছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াশ-তটিনীর দুটি পোস্ট দেখে এ ধারণা জন্মেছে নেটিজেনদের মনে। সম্প্রতি এ দুই তারকা নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে একই পোস্ট দেন। পোস্টের ছবিতে দেখা যায়, বেশ রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে আছেন তটিনী।
আর ইয়াশ দূরের কিছু একটা দেখাচ্ছেন অভিনেত্রীকে। দু’জনের পোস্টেই ক্যাপশনে লেখা ছিলো, ‘ওহে কী করিলে বলো, পাইবো তোমারে, রাখিবো আঁখিতে আঁখিতে।’
এই পোস্ট দেয়ার পরই নড়েচড়ে বসেন নেটিজেনরা ও বিভিন্ন ধরণের মন্তব্য করতে থাকেন তারা। সবার প্রশ্ন ছিলো, তবে কি প্রেম করছেন ইয়াশ-তটিনী? এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
গণমাধ্যমে তটিনী বলেন, আসলে এটা ইচ্ছাকৃত ছিলো। আমরা একসঙ্গে রাফাত মজুমদার রিংকুর একটি নাটকে কাজ করেছি। ওই নাটকের প্রচারণার জন্য একসঙ্গে পোস্ট করা হয়েছে ছবিটি। আমরা প্রথমবার যখন একসঙ্গে কাজ শুরু করি, ওই সময় থেকে দর্শকরা আমাদের কাজগুলো ব্যাপক পছন্দ করতে থাকেন। তখনও দর্শকরা আমাদের নিয়ে নানা কথা বলতেন।
তিনি আরো বলেন, শুরুতে কিছুটা ভ্যাবাচেকা খেতাম। তখন মনে হতো, আসলে এসব ব্যাপারে কী বলব বা কী ব্যাখ্যা দেবো, তা ভেবে পেতাম না। কেননা, দর্শকদের বোঝানো তো সহজ নয়। আমরা ধারাবাহিকভাবে একসঙ্গে এত কাজ করি, অভিনয়ের মাধ্যমেই আমাদের সংযোগ হয়ে গেছে। আমাকে অভিনয়ে খুবই হেল্প করেন ভাইয়া। আর আমিও জুনিয়র হিসেবে ভাইয়াকে সেই জায়গা থেকে যথেষ্ট সম্মান করি।




