ঢাকা অফিস: রাজধানীর বনানীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে ঢুকে নিউজরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।আজ শনিবার(২১ নভেম্বর) বিকালের দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টা ৪০ মিনিটে টেলিভিশনটির ডিএমডি টিপু আলম মিলনকে কার্যালয় থেকে পুলিশ আটক করে।
বৈশাখী টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়। লাইভে এক প্রতিবেদককে আতঙ্কিত কণ্ঠে বলতে শোনা যায়, একদল লোক টেলিভিশনটির ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর করছে। এ সময় একটি কক্ষের বারান্দা থেকে নিচে জড়ো হওয়া লোকজনকে দেখিয়ে নিউজরুমে হামলার অভিযোগ করেন তিনি। সাদা শার্ট পরা এক ব্যক্তিকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে বলেও দাবি করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বৈশাখী টিভির ডিজিটাল বিভাগের প্রধান নাহিয়ানকে চাকরিচ্যুত করার পর এ ঘটনার সূত্রপাত। চাকরিচ্যুতির পর নাহিয়ান স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ সময় ডিএমডি টিপু আলম মিলনকে হেনস্তার চেষ্টা করা হয় বলেও জানা গেছে। এতে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নাম এসেছে।
ঘটনার পর পুলিশ টিপু আলম মিলনকে আটক করেন। বনানী থানার ওসি সালাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁকে বনানী থানায় নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলার আসামি ওই কার্যালয়ে রয়েছেন। তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে।
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মবের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মব করলেও আমরা বলছি, এখানে মবের কোনো সুযোগ নেই। মামলার আসামি, সে গ্রেপ্তার হবে। আপনারা চলে যান।’
এ ঘটনায় কার্যালয়ের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চাকরি চ্যুতির ঘটনা, হামলা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে নাহিয়ান এবং স্বেচ্ছাসেবক দলের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।




