বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম সদর ইউপি নির্বাচনের ৯ নং কেন্দ্রে শতকরা ভোট পড়েছে ৯৯ । ওই কেন্দ্রে মৃত ভোটার রয়েছে ১৭জন। ২৪৭ জন মোট ভোটারের মধ্যে ভোট কাষ্টিং দেখানো হয়েছে ২৪৫ জনের।
অন্যদিকে ৮ নং কেন্দ্রে ৪৫৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৫২ জন। ভোটের শতকরা হার ৮৮। অথচ এই কেন্দ্রে মৃত ভোটার রয়েছে ৪৫, মায়ানমার চলে যাওয়া ৭জন, চাকুরী জনিত কারণে ভোট প্রদান থেকে বিরত ২ এবং নির্বাচনি ডিউটিতে থাকায় ২জনসহ মোট ৫৬জন ভোটার ভোট প্রদান করেননি বলে স্থানীয় বাসিন্দা ও পাড়া প্রধানদের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করেছেন সংরক্ষিত ওয়ার্ডের পরাজিত এক নারী প্রার্থী।
পিছিয়ে পড়া অক্ষরজ্ঞানহীন দূর্গম ম্রো এলাকায় ভোটের এমন অসমাঞ্জস্য চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করে ভোট পুন: গণনাসহ দোষী নির্বাচনী কর্মকর্তাদের শাস্তির দাবী জানিয়েছেন তিনি।
স্থানীয়দের দাবী, এই দুটি ওয়ার্ডের মতো নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের সহায়তায় কারচুপি ও অনিয়মের শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণসহ ভোট পুন: গণনার দাবী আবেদন করেছেন ৭,৮,৯ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য খারঙু ম্রো । প্রধান নির্বাচন কমিশনার, রির্টানিং অফিসারসহ সংশ্লিষ্ট ছয় বিভাগে এই অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের দাবী, ৭,৮,৯নং ওয়ার্ডের মতো বিভিন্ন ওয়ার্ডে সুক্ষ্ম কারচুপি হয়েছে আলীকদম সদর ইউপি নির্বাচনে। মৃত ও নানা কারণে ভোট দান থেকে বিরত থাকা ভোটারদের ভোট কে দিয়েছে তা প্রশ্ন তোলেছেন তারা।
অভিযোগের বিষয়ে ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী খারঙু ম্রো এই প্রতিবেদককে বলেন, ৮ ও ৯ন ং ওয়ার্ডে ভোটের অসমাঞ্জস্য চিত্র ছাড়াও ৭নং ওয়ার্ডের এজেন্ট রেংনং ম্রো , ৮নং ওয়ার্ডের এজেন্ট পাইংত্র ম্রো কে ভোট গণনার সময় কাছে থাকতে না দেওয়া, রেজাল্ট সীট সরবরাহ না করাসহ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। ‘এভাবেই আমাকে পরাজিত দেখানো হয়েছে।’ তাই তার নির্বাচনী এলাকার ফলাফল বাতিল করে পুনরায় ভোট গণণার দাবী জানান তিনি।
অভিযোগ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে ১নং সদর আলীকদম ইউপি নির্বাচনের রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো: আতিকুল ইসলাম বলেন, নির্বাচনী ফলাফল পরবর্তী কোন প্রার্থীর অভিযোগ থাকলে তা দেখার দায়িত্ব নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের। অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল বিবেচনা করে বিধিসম্মতর ব্যবস্থা নেন।
আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে তা পালন করব মাত্র।
উল্লেখ্য, ২৮নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত আলীকদম সদর ইউপি নির্বাচনে নাছির উদ্দীন নৌকা প্রতিকে ৩ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে আনোয়ার জিহাদ চৌধুরী পান ৩ হাজার ২২ ভোট।
পরে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগ সভাপতি মো. আনোয়ার জিহাদ। সে থেকে এখনো আলীকদম সদর ইউপির নির্বাচিত চেয়ারম্যানের শপত গ্রহণ অনুষ্ঠিত হয়নি।



