নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলা ইউনিয়নে সড়াইয়া গ্রামের বলিরজুম এলাকায় আপন মেয়ের ধারালো দা-এর কোপে খুন হয়েছেন বাবা আবদুর রহমান (৫০) ।আজ শুক্রবার (০১ ডিসেম্বর)সকাল ১০টায় এ খুনের এই ঘটনা ঘটেছে।
লোহাগাড়া থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আটক করেছে বিবাহিত মেয়ে হুমায়রা বেগম (২০) কে। লাশ উদ্ধার করে সুরতহাল লিপিবদ্ধ করেছে পুলিশ। এ ব্যাপারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আবদুর রহমান বলিরজুম এলাকার মৃত আলতাফ মিয়ার পুত্র। মেয়ে হুমায়রা বেগম পুটিবিলা ইউনিয়নের জৈনক আব্দুস সালামের স্ত্রী। বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন মেয়ে হুমায়রা বেগম।
সূত্রমতে, ঘটনার দিন সকালে গরুকে চালের কুড়া খাওয়ানোকে কেন্দ্র করে তর্ক- বিতর্কের এক পর্যায়ে মা সেতোয়ারা বেগমকে মারধর করে হুমায়রা। পরে বাবা আবদুর রহমান ঘটনার বিষয়ে জানতে চায় মেয়ের কাছে। ক্ষীপ্ত মেয়ে ধারালো দা নিয়ে ধাওয়া করে বাবাকে। বাবা নিকটস্থ এক ঘরে আশ্রয় নিলে সেখানে মেয়ে তাকে কোপায় । ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা আবদুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার কর্তব্যরত কর্মকর্তা ও পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পেয়ারা মিয়া।
এ ব্যাপারে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।




