নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা আজ মঙ্গলবার (২৮ নভেম্বর)সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চাল, ভোটে বাধাদনসহ অপরাধীদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।
এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট সকলের প্রতি জোরদাবী জানান বক্তারা।
সভায় লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে যানজট নিরসনের জন্য কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তাদের বক্তব্যে লোহাগাড়া এলাকায় মোটরচালিত রিকশাচালকদের মধ্যে রোহিঙ্গারাও রয়েছেন বলে মনে করা হয়।
এ ব্যপারে বিহীত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন সভার বক্তারা। অপর এক প্রস্তাবে লোহাগাড়ার উপর দিয়ে প্রবাহিত টংকাবতী নদী, হাঙ্গর ও ডলুখালসহ বিভিন্ন খাল ও ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিহত করার ব্যবস্থা নেয়ার জন্য জোরদাবী জানানো হয়। অবৈধভাবে যারা বালু উত্তোলন ও বানিজ্য করছে তাদের বিরুদ্ধে মামলাসহ আইননানুগ ব্যবস্থার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বাবুল, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিক দিদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, কলাউজান ইউপি চেয়ারম্যান এ ওয়াহেদ ও আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রমুখ।
আইনশৃঙ্খলা বিষয়ক এ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েলসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে একইদিনে উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বক্তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরেন।
বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ সমূহের উপস্থিত চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাগণ।
এছাড়াও আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান বিজয় দিবস পালনের জন্য উপজেলা ভিত্তিক একটি কমিটি ও বিভিন্ন উপ-কমিটির গঠন করা হয়।




