নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯২, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে ইতোমধ্যে। গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষনার পর অত্র আসনের মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে আনন্দ মিছিল ও রোড-শো বের করা হয়। তফসিলকে স্বাগত জানিয়ে গত ১৬ নভেম্বর লোহাগাড়ায় আনন্দ মিছিল ও রোড-শো করা হয় পৃথক পৃথকভাবে। এদিন শেষ বিকেলে লোহাগাড়া উপজেলা সদরে আনন্দ মিছিল বের করা হয় আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের পক্ষে। এ মিছিলে স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমর্থক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অপর একটি আনন্দ মিছিল বের করা হয় সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর পক্ষে। এ মিছিলে জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের সমর্থক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব সিআইপির পক্ষে রোড-শো করা হয়। গাড়ির বিশাল বহর নিয়ে সাতকানিয়া থেকে শুরু করা হয় এ রোড-শো। রোড-শোটি লোহাগাড়া এলাকায় প্রদক্ষিণ করে। এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়মীলীগ নেতা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমানের নেতৃত্বে এক রোড-শো করা হয় সাতকানিয়া সদরে। পৃথক পৃথক এসব আনন্দ মিছিল ও রোড-শোতে অংশগ্রহণকারীগণ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। স্লোগানে আরো বলা হয় শেখ হাসিনা সরকার, বার বার দরকার।
আসন্ন নির্বাচনে জাতীয় সংসদের এ আসনে মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছে। দলের সমর্থক নেতাকর্মীদের নিয়ে এখন ঢাকায় অবস্থান করছেন নেতৃবন্দ। জানা গেছে মনোনয়ন পাওয়ার আশায় দ্বারস্থ হচ্ছেন কেন্দ্রীয় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নিকট।




