সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় আজ শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রোড শো করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান।
পাঁচ শতাধিক মোটরসাইকেল, অটোরিকশা ও নৌকার আদালতে তৈরিকৃত মিনি ট্রাক করে এ রোড শো এর আয়োজন করা হয়। ডা. মিনহাজের নেতৃত্বে রোড শো’টি সাতকানিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড এলাকা থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ডা. মিনহাজ বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলকে সাতকানিয়া-লোহাগাড়াসহ সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ নির্বাচনকে উৎসবে পরিণত করবে।
তিনি আরও বলেন, মানুষ বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই এ দেশের ভবিষ্যৎ নিরাপদ। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, বাকি অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। আর নির্বাচন বানচালের যেকোন অশুভ পায়তারা ও অপশক্তি রুখতে আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে সব সময় প্রস্তুত রয়েছে। এ সময় সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রিদুয়ানুল ইসলামসহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




