সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে আকিল আসমান নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজিরপাড়া এলাকায় পুকুরে ভাসমান অবস্থা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় । শিশুটি একই এলাকার ফার্নিচার ব্যবসায়ী মো.হারুন সওদাগরের একমাত্র পুত্র। বিষয়টি নিয়ে শিশুটির পরিবারে চলছে শোকের মাতম ।
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিফুর রহমান চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী ছোট্ট পুকুরে পা পিছলে পড়ে যায়। শিশুটির মা ও পরিবারের সদস্যরা শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করলেও পায়নি। বিকালে কয়েকজন কৃষক গরুর জন্য ঘাস কাটতে ওই পুকুর দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে। ওই কৃষকরা চিৎকার শুরু করলে শিশুটির পরিবারের সদস্যরা এগিয়ে এসে ও কৃষকরা পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করে প্রথমে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতাল, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য আরিফুর রহমান আরও বলেন, প্রথম স্ত্রীর কোন সন্তান না থাকাই হারুন সওদাগর আরও একটি বিয়ে করেন। শিশুটি ওই দ্বিতীয় স্ত্রীর সন্তান।
এশার নামাজের পর শিশুটির লাশ দাফন করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএম আবদুল্লাহ -আল-মামুন বলেন, বাড়ির আশ-পাশে যাদের পুকুর রয়েছে তাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। বাড়ির আশেপাশে পুকুর থাকলে উঁচু করে বেড়া দিলে এবং শিশুদের গতিবিধি নজরে রাখলে এই ধরনের মৃত্যুর হার কমবে।




