নিজস্ব প্রতিবেদক: নবনির্মিত দোহাজারী-কক্সাবাজার রেললাইনের সাতকানিয়া অংশ থেকে লাইনের কয়েকটি ক্লিপ ও নাট-বল্টু খুলে নেয়ার সংবাদ পাওয়া গেছে। গত ১২ নভেম্বর রবিবার দিবাগত রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়ন এলাকায় রক্ষিতবাড়ি এলাকা থেকে ৮-১০টি ক্লিপ ও নাট-বল্টু খুলে নেয়া হয়। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, স্লিপারের সাথে রেললাইনের পাথ আটকে রাখতে ক্লিপ (হাতুড়ি আকারের লোহার খন্ড) ব্যবহার করা হয়। একটি স্লিপারের দুপাশে ৪টি করে ক্লিপ থাকে।
সূত্রটি জানায়, ঘটনার সংবাদ পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় আনসারসহ পুলিশের টহলের ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পদক্ষেপ নেয়া হয়েছে বলে সূত্র জানায়। এ ধরনের চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পদক্ষেপ নেয়া হয়েছে।
অপর এক সূত্রমতে, সন্ধ্যার পর আঁধার ঘনিয়ে এলেই কালিয়াইশ ইউনিয়নের রক্ষিতবাড়ি এলাকার রেললাইনে বখাটে ও মাদকাসক্তদের আড্ডা বসে। প্রায় রাতেই আড্ডা হয় তাদের। যারা এখানে আড্ডা করে তারাই এ ঘটনার সাথে জড়িত বলে স্থানীয়দের ধারনা।




