কক্সবাজার জেলা প্রতিনিধি: ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলি দিতে রাজি না। সরকারের উন্নয়নে গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে।আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গ্যাস বিক্রি করতে রাজি হয়নি বলেই ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো হয়েছে। আমি বঙ্গবন্ধুর মেয়ে। ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলে দিতে রাজি নই।
শেখ হাসিনা বলেন, আজকের দিনটা বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন। কারণ কক্সবাজার এমন একটি সমুদ্র সৈকত যা বিশ্বে বিরল। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। ৮০ মাইল লম্বা (১২০ কিলোমিটার) এবং সম্পূর্ণটাই বালুকাময়। পৃথিবীতে এত বড় বালুকাময় সমুদ্র সৈকত আর নেই। এই কক্সবাজারের সঙ্গে রেল সংযোগ করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমি জানি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এটা একটা দাবি ছিলো, আজকে সেটা পূরণ হলো।
তিনি বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারাদেশে অগ্নিসংযোগ করে মানুষের ঘড়বাড়ি পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানিরা। ধ্বংসের ওপর দাঁড়িয়ে দেশ গড়ার কাজে হাত দিয়েছিলেন জাতির পিতা।




