লিটন কুতুবী, কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত মোজাহার মিয়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে এক সপ্তাহ পর মারা গেছে। আজ সোমবার (০৬ নভেম্বর) সকালে উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়ায় নিজ বাড়িতে বৃদ্ধ মোজাহার মিয়া মারা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বাড়ির পাশে চা দোকানের সামনে বাজার থেকে ফেরার পথে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত অবস্থায় কুতুবদিয়া সরকারি হাসপাতালে এবং কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আট দিন পর মারা গেছে। মৃত্যুর খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে বলে অফিসার ইনচার্জ ওসি শুভ রঞ্জন চাকমা নিশ্চিত করেন।
নিহতের বড় ছেলে হাছান জানান, নিজ শরীকদের বাড়ির সীমানার বিরোধে সে ও তার বাবা ধুরুং বাজার থেকে বাড়ি ফেরার পথে ২৯ অক্টোবর সকাল ১০টার দিকে পরিকল্পিত ভাবে মোহাম্মদ আলীর ছেলে মোস্তাক,কলিম উল্লাহ মাঝি,শওকত,বাদশাহ মাঝিসহ প্রায় ১০-১২ জন তাদের উপর হামলা চালায়। এসময় তার বাবা গুরুতর আহত হলে প্রথমে কুতুবদিয়া হাসপাতালে পরে কক্সবাজার সদর হাসপাতালে এবং সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করেন। চিকিৎসায় উন্নতি না হলেও হাসপাতাল থেকে গত শুক্রবার মোজাহার মিয়াকে হাসপাতাল কতৃপক্ষ রিলিজ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। সোমবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে মোজাহার মিয়া (৭৬) মারা যায়।
কুতুবদিয়া থানার উপ- পরিদর্শক (এস.আই) সুজন বলেন, মারামারির ঘটনায় আহত বৃদ্ধ মোজাহার মিয়া মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




