সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় কাভার্ডভ্যানে অবৈধ পন্থায় ঝুঁকিপূর্ণভাবে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বিক্রয়ের দায়ে উপজেলার কেরানীহাট এলাকার কেরানিহাট-বান্দরবান সড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আজ সোমবার (০৬ নভেম্বর) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় গ্যাস বিক্রিতে জড়িত আব্দুস সাত্তার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় পরে তাকে গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে সাতকানিয়ার কেরানীহাট, ঢেমশার দাইমারখিল, এওচিয়ার দেওদিঘী ও আমিলাইশের ব্যাংক মাঠ এলাকাগুলোতে ক্ষমতাধর প্রভাবশালী জনপ্রতিনিধি, তাদের স্বজন, ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন, ব্যবসায়ী নেতা ও বিরোধী দলীয় নেতা-কর্মীরা দাপটের সাথে এ ব্যবসা পরিচালনা করে রাতারাতি বনে গেছেন কোটিপতি। সে সময় উল্লিখিত এলাকা ছাড়াও কালিয়াইশের বিওসির মোড় এলাকায়ও বেশ কয়েকমাস ধরে চলমান ছিল এ ব্যবসা। মহাসড়কের পাশে হওয়ায় প্রশাসনের নজর এড়াতে তা বন্ধ করে বিভিন্নস্থানে সরিয়ে নেওয়া হয় । পরে বিভিন্ন সড়ক, জনবহুল কিংবা বিভিন্ন স্থাপনার পাশে কাভার্ডভ্যান পার্কিং করে ঝুঁকিপূর্ণ এ ব্যবসা চলমান রাখলেও অবৈধ ব্যবসার বিরুদ্ধে কোন ধরনের ব্যাবস্থা নেওয়া হয়না বলে আগেই অভিযোগ রয়েছে।
বাংলাদেশ গ্যাস আইন-২০১০এর ১৩ (ক)/১৯ ধারা মোতাবেক পরস্পর যোগসাজশে অবৈধভাবে ভ্রাম্যমাণ রিফুয়েলিং স্টেশন এবং যানবাহন সিএনজিতে রূপান্তর কারখানা স্থাপন অপরাধ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ভ্রাম্যমাণ অবৈধ সিএনজি ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রয়ে জড়িত এক ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে তাকে মুক্ত করে দেওয়া হয়।
উপজেলার বিভিন্ন স্থানে আরো যেসব অবৈধ সিএনজি ফিলিং স্টেশন আছে সেগুলোতে অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালীন সময়ে আদালতের সামনে সংগঠিত অপরাধ প্রমাণিত হলেই কেবল সাজা প্রদান করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অভিযান পরিচালনা করার জন্য আমাদের সহযোগিতা কামনা করে তাহলে আমরা জনস্বার্থে সবখানে এই ধরনের অভিযান পরিচালনা করে থাকি।




