খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় অভ্যন্তরীন রুটে স্বাভাবিক ছিল যান চলাচল। হরতালে পুলিশ সদস্যদের সক্রিয় হতে দেখা গেছে। টানা তিনদিনের সড়ক অবরোধের প্রথম দিন জেলাতে বিএনপির লুকোচুরি পিকেটিং করতে দেখা গেছে। তবে কড়া নজরদারী ছিলো পুলিশের। মঙ্গলবার(৩১ অক্টোবর ২০২৩) সকাল থেকে সড়ক অবরোধে যাত্রীবাহি দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও ছেড়ে গেছে কাঁচামাল বোঝাই ট্রাক।
এদিকে-চোরাগুপ্তা ভাবে জেলার বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে, কাঠের টুকরো ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায় পিকেটাররা। তবে পুলিশের উপস্থিতি সে চেষ্টাকে ব্যর্থ করে দেয়। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলো সর্তক। সোমবার রাত থেকে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ভাঙাব্রীজ এলাকা থেকে পূর্বের এক মামলার আসামী হৃদয়(২৩) নামের এক যুবককে পুলিশ আটক করে বলে জানান পুলিশ।
অবরোধে অভ্যন্তরীণ ও দুর পাল্লার সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও খাগড়াছড়ি জেলা শহরসহ উপজেলাগুলোতে মোটর সাইকেল, টমটম ও সিএনজিসহ ছোট পরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। তবে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে পরিবহন চলাচলের সংখ্যাও।
অবরোধের পরিস্থিতি ও সার্বিক বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, খাগড়াছড়ি সর্তকতার সাথে কাজ করছে জেলা পুলিশ। সব ধরনের চিন্তা মাথায় রেখে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা যেন ব্যাঘাত না ঘটে সে লক্ষ নিয়ে পুলিশের সকল ইউনিট কাজ করছে। একই সাথে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের সদা প্রস্তুতির রয়েছে জানিয়ে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে বলে তিনি জানান।
অবরোধের তেমন কোন প্রভাব নেই ৯টি উপজেলাতে। জনজীবন ছিলো স্বাভাবিক। প্রতিদিনের মতই জেলা সদরে চলতে দেখা গেছে ছোট ও মাঝারী পরিবহনগুলোকে। খাগড়াছড়িতে বিএনপি পিকেটিং এর চেষ্টা করলে তা ব্যর্থ করে দেয় খাগড়াছড়ি জেলা পুলিশ।
গত রোববার(২৯ অক্টোবর) সকাল ১০টার পর হঠাৎ বিএনপির ডাকা হরতালে সক্রিয় হয়ে জেলা শহরের কলাবাগান থেকে ভাঙাব্রীজের মুল সড়কে উঠার চেষ্টা করে পিকেটাররা। এ সময় মিছিলের বাঁধা দেওয়ার চেষ্টাকালে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা।
এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপির পিকেটারদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারের নেতৃত্বে এ বিএনপির নেতাকর্মীরা পিকেটিং এ চেষ্টা করে বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: তানভীর হাসান জানান, পিকেটিং এর চেষ্টা করে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে তারা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। সড়কে এসে বিশৃঙ্খলা চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয় এবং জনগণের জানমাল ও চলার পথে কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ ছাড় দেবে না বলে হুঁশিয়ারী জানান তিনি।
এদিকে হরতালের কারণে দূরপাল্লার যানবাহন না চললেও শহরে টমটম,রিক্সা ও সিএনজি অটোরিকশা চলাচল ছিলো স্বাভাবিক। শহরের প্রতিটি দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিলো। খাগড়াছড়ি জেলা শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে শর্তকতার সাথে ছিলো অতিরিক্ত পুলিশ মোতায়েন।




