মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া: ঘূর্ণিঝড় হামুনের আঘাতে লন্ডভন্ড হয়েছে কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ার সাতটি ইউনিয়ন। পুরো ও আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে তিন হাজার এর অধিক ঘর-বাড়ি। এর মধ্যে খোলা আকাশের নিচে বসবাস করছেন প্রায় হাজারো পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পানি,বিদ্যুৎ ও খাবার সংকটে ভুগছেন। ঘূর্ণিঝড় হামুনের তান্ডবের পর থকে বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিহীন পুরো উপজেলা। উপজেলার বিভিন্ন সড়কে পাশে সারি সারি বিদ্যুৎ এর খুটি পড়ে আছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পেকুয়া সদরের হরিণাফাঁড়ি, গোঁয়াখালী, ছিরাদিয়া, বটতলিয়া পাড়া, দিয়া পাড়া, মগনামা ইউনিয়নের বাইন্যা ঘোনা, ধারিয়াখালী, মগঘোনা, মুহুরী পাড়া, শরৎ ঘোনা, বাজার পাড়া, উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার পাড়া, ঠান্ডার পাড়া, গোদার পাড়া, মধ্যম উজানটিয়া, পেকুয়ার চর, বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা, জালিয়াকাটা, নোয়াখালী পাড়াসহ উপজেলার সবকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘর-বাড়ি হামুনের তান্ডবে ভেঙে গেছে। কারো কারো টিনের চালা উড়ে গেছে। পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিয়ে বসবাস করছে।
পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু তাহের দি ক্রাইমকে বলেন, আমরা সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির তালিকা প্রস্তুত করছি। ইতোমধ্যে সরকারি দপ্তর থেকে পাওয়া ১৮ মে:টন চাল ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় জনপ্রতিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। খোলা আকাশের নিচে বাস করা পেকুয়া সদর ইউনিনের টেকপাড়ার বাসিন্দা বিধবা রেহেনা বেগম, সালাউদ্দিন, মগনামার শরত ঘোনার নুর মুহাম্মদ ও জসিম উদ্দিন জানিয়েছেন, ২৪ অক্টোবর ঘুর্ণিঝড় শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে প্রচন্ড বাতাসে আমাদের ঘর-বাড়ি উপড়ে নিয়ে যায়। এমনিতেই গত বন্যার পর আমরা খুব কষ্টে দিনাতিপাত করছি। তার মাঝেই ঘূর্ণিঝড় হামুনে সব নিয়ে গেলো। এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পেয়েছে কিনা প্রশ্ন করলে তারা জানান, এক লোক এসে তালিকা করে গেছে তবে ত্রাণ পায়নি।
পেকুয়া উপজেলার মগনামা আর উজানটিয়া ইউনিনের সরেজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি পর্যায়ে ১০কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘ সারির মাঝে অল্প সংখ্যক মানুষ চাল পাচ্ছে এমন তথ্যও উঠে এসেছে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইউনুস চৌধুরী দি ক্রাইমকে জানান, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে মগনামা ইউনিয়নে ১২১টি বসতঘর সম্পূর্ণ ভেঙে গেছে। ৩৯২টি ঘর আংশিক ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির তালিকা তৈরী করে উপজেলা প্রশাসনের কাছে দেওয়া হবে।
পেকুয়া পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম দিপক চৌধুরী দি ক্রাইমকে জানান, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে পেকুয়ার সাত ইউনিনের বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পেকুয়ায় মেইন লাইনের ৫৭টি খুটি সহ মোট ১২৭টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইন সচল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুত কর্মীরা।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা দি ক্রাইমকে বলেন, এ পর্যন্ত পেকুয়ায় ১৮ মে:টন চাল বরাদ্দ পেয়েছি। গত বৃহস্পতিবার ত্রাণ মন্ত্রী মহোদয়ের বৈঠকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে ত্রাণের পর্যাপ্তের চাহিদাপত্র দেওয়া হয়েছে। আশা করি পেকুয়ায় খাদ্যের সংকট থাকবেনা। এছাড়াও তালিকার মাধ্যমে খোলা আকাশের নিচে বসবাসকারী লোকজনের মাঝে টিন বরাদ্দ দেওয়া হবে।




