এম আনোয়ারুল হক, আনোয়ারা প্রতিনিধি : শনিবার সকালে চট্টগ্রামের আনোয়ারা কেইপিজেড মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্বপূর্ণ বার্তার অপেক্ষায় চট্টগ্রামবাসী।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর জনসভার স্থান পরিদর্শন করেছে।
তাছাড়া আনোয়ারা উপজেলায় বড় ধরনের খেলার মাঠ, মেরিন ড্রাইভ রোড, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আনোয়ারা উপজেলার শিল্প কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিক চাকরিসহ নানা দাবি-দাওয়া পূরণের আশ্বাস ও প্রতিশ্রুতির অপেক্ষায় এলাকাবাসী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন ও আনোয়ারা কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে পুরা চট্টগ্রামে উৎসবের আমেজ। কর্ণফুলী নদীর দুই প্রান্তে বর্ণিল সাজে সেজেছে। সড়কগুলো বিলবোর্ডে ছেয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বাসে উচ্ছাসিত। চট্টগ্রামে বিভিন্ন প্রান্ত থেকে জনসভায় যোগ দেয়ার জন্য বিভিন্ন রঙের গেঞ্জি ও মাথার ক্যাপ তৈরি করা হয়েছে। জনসভায় নিজেদের পরিচয় তুলে ধরার জন্য ভিন্ন রঙের গেঞ্জি গায়ে থাকবে।
বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ও জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভায় প্রধানমন্ত্রী আনোয়ারা – কর্ণফলী উপজেলার তথা চট্টগ্রাম ১৩ আসনের আগামী নির্বাচনের প্রার্থী হিসেবে ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা ধারণা করছেন।




