বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে নৌকা ডুবির প্রায় ১৬ ঘণ্টা পর লং রে খুমির (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে থানচি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দু’জন। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহটি লং রে খুমির (২১)। তিনি থানচির রেমাক্রি ইউপির অং লে খুমি পাড়ার বাসিন্দা লং রে খুমির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রেমাক্রির আদা পাড়ায় ইঞ্জিন চালিত একটি নৌকা পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। নৌকার ছয় যাত্রী সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও বাকি তিনজন যাত্রী নদীর স্রোতে ভেসে নিখোঁজ হন। পরে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে তাদের উদ্ধারে থানচি সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে। এসময় লং রে খুমির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে এ ঘটনায় এখনো আরও দু’জন নিখোঁজ রয়েছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা.আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা ডুবিতে তিনজন নিখোঁজ হওয়ার ঘটনায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনের মরদেহ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।




