লিটন কুতুবী,কুতুবদিয়া প্রতিনিধি: দু’ ঘন্টার তান্ডবে লন্ডভন্ড করে ফেলেছে কুতুবদিয়া উপকূলের জনবসতি। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ গুটি গুটি বৃষ্টি আর ধমকা হাওয়ায় আবহাওয়ার পরিবেশ চরম বিপদজনক ছিল। তারই প্রতিচ্ছবি রাত ৮টা হতে রাত ১০টায় দু’ঘন্টায় কুতুবদিয়া উপকূলের উপর বয়ে যাওয়া ঘূর্ণিঝড় হামুনের ১৪০ থেকে ১৫০ কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়া বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি ও বিভিন্ন প্রজাতির গাছপালা।
বিশেষ করে কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে বেশী। তবে উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, ফায়ার সার্ভিস, সিপিপি, স্থানীয় এনজিও সহ সম্মিলিতভাবে সচেতনতা মাইকিং করে প্রচার প্রচারণা করায় মানুষ হতাহত হয়নি। তবে বাতাসের গতিবেগ তীব্র হওয়ায় গাছপালা ভেঙ্গে ও গাছ উল্টে পড়ে ছয় ইউনিয়নে ৫৫৭ টি কাঁচা ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ৩ হাজার চারটি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে বলে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা এ প্রতিবেদককে নিশ্চিত করেন।

গাছ ভেঙ্গে এবং উল্টে গিয়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎ সরবারাহ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেন কুতুবদিয়া আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত।
তিনি আরো জানান,আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বঙ্গোপসাগরে ৭নং বিপদ সংকেত দেওয়ার পর মঙ্গলবার সকাল থেকে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। প্রতিকূল পরিবেশ ফিরিয়ে আসলে আগামী এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ রূপে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে নিশ্চিত করেন।
উপকূলীয় বন বিভাগের কুতুবদিয়া রেঞ্জ কর্মকর্তা শাশীম রেজা জানান, কুতুবদিয়া উপকূলে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন বিভাগ ঝাউবাগান এবং বাইন গাছ রয়েছে। ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ঝাউ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি।

কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোহেল জানান, ঘূর্ণিঝড় হামুনের তান্ডবে রাস্তায় গাছ ভেঙ্গে এবং উল্টে পড়ে যাতায়াত বন্ধ হয়ে পড়ায় দমকল কর্মীরা রাত সাড়ে ১০ টা থেকে রাস্তায় চলাচল উপযোগী করার কাজ করেছে।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, ঘূর্ণিঝড় হামুন এর আঘাতে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে বড়ঘোপ ইউনিয়নে। গাছ ভেঙ্গে এবং উল্টে পড়ে বিদ্যুৎ লাইন,ঘরবাড়ি,রাস্তার ক্ষতি হয়েছে। বড়ঘোপ জেটি ঘাটে কুতুবদিয়া সরকারি হাসপাতালে জরুরী মুমূর্ষ রোগী পারাপারের জন্য আইএমও এনজিও উপহারকৃত সী এম্বুলেন্সটি রক্ষনাবেক্ষণ না করায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সী এম্বুলেন্সটি ভেঙ্গে গেছে।




