চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে ফয়সাল নামে খাতুনগঞ্জের এক ব্যবসায়ীকে গলাকেটে রাস্তায় ফেলে গেছে ছিনতাইকারীরা। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জের দ্রুততম প্রচেষ্টায় জীবন রক্ষা হলো ভুক্তভোগীর। সোমবার রাত ১টার দিকে উপজেলার বরকল মৌলভী বাজারের সোনালি ব্যাংকের সামনের সড়কের ঘটনা এটি।
আহত ফয়সালের বাড়ি সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায়। খাতুনগঞ্জে সুপারির ব্যবসা করেন তিনি।
জানা গেছে, ৫-৬ জন ছিনতাইকারী খাতুনগঞ্জ থেকে মাইক্রোবাসে তুলে তাকে বেহুশ করে আনোয়ারা হয়ে বরকল নিয়ে আসে। গাড়ির মধ্যে তার সাথে থাকা ৮০/৯০ হাজার নগদ টাকা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে টাকা নিতে না পেরে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। গলার কিছু অংশ কেটে রক্ত বের হলে তারা সম্পূর্ণ গলা কাটা হয়েছে ভেবে পালিয়ে যায়। এতে ফয়সাল গুরুতর আহত হন।
সোমবার রাত ১টার দিকে বাজারের পাহারাদার টহল দিতে গিয়ে সোনালী ব্যাংকের সামনে সড়কের উপরে গলা কাটা অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পোঁছে রোগীর খুব রক্ত ক্ষরণ দেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে ভুক্তভোগীর বক্তব্য রেকর্ড করি এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করি। রোগীর দ্রুততম সময়ে চিকিৎসার ব্যবস্থা করায় রোগীর জীবন রক্ষা পায় বলেও তিনি জানান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ভিকটিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, চাক্তাই এলাকায় সুপারি ব্যবসার জন্য সাথে রাখা টাকার লোভে দূর্বৃত্তরা গাড়িতে তুলে টাকা নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো অস্ত্রের মাধ্যমে গলা, মুখ ও কপালে আঘাত করে প্রায় ৮০- ৯০ হাজার টাকা ছিনতাই করে।




