চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় হাতির আক্রমনে নিহত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকা থেকে পুলিশ ও ডুলাহাজারা বনবিট কর্মকর্তা লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ হতে পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যার দিকে পাহাড়ের পাদদশে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে চকরিয়া থানার এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ হাতির পায়ের পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।




